ঈশ্বরদীতে সন্ধ্যাকালীন চিকিৎসাসেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার থেকে সন্ধ্যাকালীন বহির্বিভাগ চিকিৎসাসেবা চালু হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সন্ধ্যা সাড়ে ৬টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম চালুর ঘোষণা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাংলাদেশের তিনটি উপজেলায় এ ধরনের চিকিৎসাসেবা চালু করা হয়েছে। পাবনার সিভিল সার্জন শহিদ মোহাম্মাদ সাদিকুল ইসলাম জানান, আপাতত পাইলট কর্মসূচি হিসেবে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য স্বাস্থ্য কমপ্লেক্সেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সন্ধ্যাকালীন বহির্বিভাগে মানুষ সরাসরি চিকিৎসা নিতে পারবেন। এ জন্য দুজন চিকিৎসক থাকবেন ওই বহির্বিভাগে।
এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, নবনির্বাচিত পৌর মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।