ঈশ্বরদীতে সাংসদের অধিকাংশ প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি
নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। তবে তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে তাঁর দল সরকার গঠন করলে বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শামসুর রহমান গত নির্বাচনের সময় সাতটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ছিল ঈশ্বরদীকে জেলা করা, পাকশী পেপার মিল চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন, পাকশীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও ঈশ্বরদী-ঢালার চর রেলপথ নির্মাণ করা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই সাত প্রতিশ্রুতির একটিও পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। শুধু একটি প্রকল্পের কাজ শুরু হলেও আরেকটি প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সাংসদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, এক হাজার ৪৬৮ কোটি টাকা ব্যয়ে গত ২ ফেব্রুয়ারি ঈশ্বরদী-ঢালার চর রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ কাজের অগ্রগতি সম্পর্কে পাকশী বিভাগীয় রেল সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ২৫ কিলোমিটার রেলপথের কাজ চলছে এবং ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৬ সালের জুনের মধ্যে এ কাজ সম্পন্ন হওয়ার কথা। এ ছাড়া আগামী ২ অক্টোবর ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের মেয়াদের শেষে এসে রূপপুর পারমাণবিক প্রকল্প উদ্বোধন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
গত নির্বাচনের সময় সাংসদ শামসুর রহমান জোর দিয়ে বলেছিলেন, পাকশী পেপার মিল চালু করা হবে। সে সময় পাবনায় এক টেলি কনফারেন্সে বর্তমান প্রধানমন্ত্রীও পাকশী পেপার মিল চালু করা হবে বলে ঘোষণা দেন। কিন্তু উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান ‘পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস’ চালু না হওয়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঈশ্বরদী জেলা বাস্তবায়নের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এটি বাস্তবায়িত না হওয়ায় হতাশ হয়েছেন ঈশ্বরদীবাসী।
পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া প্রসঙ্গে সাংসদ জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে, অচিরেই ঈশ্বরদী বিমানবন্দর চালু হবে। এ ছাড়া জংশন স্টেশন আধুনিকায়ন, পাকশীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজও বাস্তবায়নের পথে রয়েছে।