পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদকে আগামী নির্বাচনে চক্রান্তের মাধ্যমে পরাজিত করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় একটি চক্র উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধেও নানা ধরনের কুৎসা রটাচ্ছে।ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগ করেন।ঈশ্বরদী-আটঘরিয়ার সাংসদ শামসুর রহমান শরীফ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস। লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।বক্তারা দাবি করেন, বর্তমান সাংসদ শামসুর রহমান ঈশ্বরদীতে অনেক উন্নয়ন করেছেন। উপজেলা সদর থেকে প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা হয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, ঈশ্বরদী ইপিজেড, পাবনা চিনিকল, বেনারসি পল্লি, লালন শাহ সেতু ও ডাল গবেষণাকেন্দ্র চালু হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চান্না মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাজিব সরকার প্রমুখ।