ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের স্বর্ণা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা স্বর্ণাকে শারীরিকভাবে নির্যাতন করে তার ডান চোখ উপড়ে ফেলে। হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে তার লাশ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় গতকাল সোমবার ঈশ্বরদী থানায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন একই গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও রাজিব (২৭)।মামলার এজাহারে বলা হয়, একই গ্রামের আনোয়ার ওরফে আনু দীর্ঘদিন ধরে স্বর্ণাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে স্বর্ণার পরিবারের সদস্যদের মতবিরোধ চলছিল। স্বর্ণাকে বিয়ে না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল আনু। গত রোববার রাতে আনু মুঠোফোনে স্বর্ণাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্বর্ণা আর বাড়ি ফিরেনি। তাকে আনু ও তাঁর সহযোগীরা শারীরিক নির্যাতন শেষে হত্যা করে। লাশ স্বর্ণাদের বাড়ির পাশের লিচু বাগানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। স্বর্ণা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্বর্ণার লাশ ঝুলতে দেখে গ্রামবাসী তার বাড়ির সদস্যদের খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম প্রথম আলোকে জানান, নিহত স্বর্ণার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর একটি সূত্র জানায়, আনু ও রাজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।