ঈশ্বরদীতে হরতাল চলাকালে জামায়াত-কর্মী নিহত
১৮-দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন ঈশ্বরদীর মুলাডুলিতে আজ রোববার সকালে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ, বোমাবাজি ও গোলাগুলির ঘটনায় জুলহাস হোসেন মুন্নাফ (৩০) নামের জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ সময় মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর, চারটি মোটরসাইকেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিল্টনের দুটি বাড়িসহ ছয়টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।মুন্নাফ মুলাডুলির সড়াইকান্দি গ্রামের শফি উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও শেখপাড়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করেন।এ সময় তাঁরা মুলাডুলি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও চারটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল জানান, সকালে দলীয় নেতা-কর্মীরা দাশুড়িয়া থেকে মুলাডুলি যাওয়ার পথে মুলাডুলি ইক্ষু খামারের কাছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর বোমাহামলা ও গুলি চালান।এ সময় ঘটনাস্থলে তাঁদের দলীয় কর্মী জুলহাস হোসেন নিহত হন।তিনি আরও বলেন, উপজেলা শিবিরের সভাপতি শেখ ফরিদ হোসেন (২৭) ও শিবিরকর্মী ইসলাম হোসেন (২৫) গুলিবিদ্ধ হন।
স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন অভিযোগ করেন, জামায়াত-শিবিরের তৈরি বোমার আঘাতেই তাঁদের কর্মী নিহত হয়েছেন।
এদিকে দলীয় কর্মী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুলাডুলি বাজার, শেখপাড়া, সড়াইকান্দিসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের সমর্থকদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়।উভয় পক্ষ গুলি ও বোমা হামলা চালায়।এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিল্টনের দুটি বাড়িসহ ছয়টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ নূর আলম পাটোয়ারী জানান, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।উভয় পক্ষের সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে শুনেছি।’