ঈশ্বরদীতে হলুদচাষিদের মুখে হাসি
পাবনার ঈশ্বরদীতে এবার হলুদের বাম্পার ফলন হয়েছে। দেশি ও উন্নত জাতের হলুদ স্থানীয় হাট-বাজারের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছেন চাষিরা। আন্ত ফসল হিসেবে ফলবাগান ও সবজির জমিতে চাষ হওয়ায় কয়েক বছর যাবৎ এ এলাকায় হলুদের আবাদ বেড়ে গেছে। এবার হলুদ বিক্রি করে ভালো দামও পাচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখানকার সাত ইউনিয়নে এ বছর ৩ হাজার ৪৫০ বিঘা জমিতে হলুদের আবাদ হয়েছে। এর মধ্যে ছলিমপুর, সাহাপুর ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে হলুদ আবাদের পরিমাণ সবচেয়ে বেশি। এই তিনটি ইউনিয়নে আম, কাঁঠাল, লিচু, পেয়ারাসহ বিভিন্ন ফলবাগান ও সবজির অসংখ্য বাগান রয়েছে। মাটি বেলে ও বেলে দো-আঁশ হওয়ায় তা হলুদ চাষের জন্য বিশেষভাবে উপযোগী। হলুদ চাষের জন্য নতুন জমির প্রয়োজন হয় না। ঔষধি ও প্রসাধনী গুরুত্বের কারণে বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে। এসব কারণে চাষিরা হলুদ চাষে ঝুঁকে পড়ছেন। এখানকার হাট-বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা হলুদ কিনে জেলার বাইরে অন্য এলাকাতেও নিয়ে যাচ্ছেন।
চাষিরা জানান, কয়েক বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতে তাঁরা হলুদের দাম ভালো পাচ্ছেন। কিন্তু উৎপাদন খরচের তুলনায় লাভ হচ্ছে কম। তবে হলুদ চাষে বাড়তি খরচ কম থাকায় পুষিয়ে যাচ্ছে। হলুদ চাষে শুধু শ্রমিক ও সারের খরচ হয়। কীটপতঙ্গের আক্রমণও কম।
লক্ষ্মীকুন্ডার দাদাপুর পশ্চিমপাড়া গ্রামের হলুদচাষি তরিকুল ইসলাম বলেন, ফলবাগান ও সবজির জমিতে আবাদ করে তিনি এবার ৮০ মণ হলুদ পেয়েছেন। বাজারে প্রতি মণ কাঁচা হলুদ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা এবং শুকনা হলুদ ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুল কবির কামালী বলেন, ঈশ্বরদীতে এবার ৬ হাজার ৪৪০ মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবেমাত্র চাষিরা মাঠ থেকে হলুদ তুলে বিক্রি শুরু করেছেন। এ বছর আবাদি জমির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় হলুদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।