ঈশ্বরদীতে হাতে-কলমে চাষাবাদের শিক্ষা শিক্ষার্থীদের
হাত পেঁয়াজ-রসুন ও পেয়ারার চারা। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কোদাল-মই-কাস্তে দিয়ে মাটি খুঁড়ে সেগুলো বপন করছে। শিক্ষার্থীদের কৃষি আবাদের এ দৃশ্য পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামের ‘ময়েজউদ্দিন কৃষি খামারের’। শিক্ষার্থীদের কৃষিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনে হাতে-কলমে শিক্ষা নিতে আজ বুধবার বিকেলে ব্যতিক্রমী ‘স্কুল কৃষি কার্যক্রম’-এর উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো।
বিকেলে ময়েজ উদ্দিন কৃষি খামারে ঘুরে জানা গেছে, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ও উপজেলা পরিষদ যৌথভাবে স্কুল কৃষিশিক্ষা কার্যক্রমের আয়োজন করে। উপজেলার দুইটি মাধ্যমিক স্কুলের ২০০ শিক্ষার্থী হাতে-কলমে কৃষি শিক্ষা গ্রহণ করে। এখন থেকে শিক্ষার্থীদের কৃষিশিক্ষায় বাস্তব প্রশিক্ষণ দেবেন জাতীয় পদকপ্রাপ্ত কৃষক ও খামারিরা।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ বলেন, স্কুল কৃষি থেকে বিনা পয়সায় বাস্তব অভিজ্ঞতা নেবে শিক্ষার্থীরা। এরা বড় হয়ে কেউ কৃষিমন্ত্রী কিংবা কৃষিসচিব হবে। তখন তারা বুঝতে পারবে কৃষকেরা কীভাবে কষ্ট করে ফসল ফলায়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ বলেন, এই প্রথম দেশে স্কুল কৃষি নাম দিয়ে এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সপ্তাহের এক দিন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল কৃষি কার্যক্রমে অংশ নেবে। শিক্ষার্থীরা এই খামারে এসে কৃষির চাষাবাদে বাস্তব অভিজ্ঞতা নেবে ও হাতে-কলমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, এ কার্যক্রমে উপজেলার ৭৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকেরা সপ্তাহের যেকোনো দিন স্কুল কৃষি কার্যক্রমে প্রশিক্ষণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ খামারে নিয়ে আসবে শিক্ষা দিতে শিক্ষার্থীদের। প্রশিক্ষণ গ্রহণ করার পর শিক্ষার্থীদের কৃষি অভিজ্ঞতার সনদ দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী মনোরঞ্জন মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, মুলাডুলি ইউপির চেয়ারম্যান সেলিম মালিথা, জাতীয় পদকপ্রাপ্ত সবজি খামারি কিষানি বেলি বেগম, হাবিবুর রহমান ওরফে মাছ হাবিব, আবদুল বারী ওরফে কফি বারী, কিতাব মণ্ডল ওরফে লিছু কিতাব, চট্টগ্রাম বিভাগের পদকপ্রাপ্ত খামারি নিজাম উদ্দিন, সিলেটের বদিরুজ্জামান ওরফে তরমুজ বদি, পাবনার কাশিনাথপুরের রাসেল উদ্দিন ওরফে পেঁয়াজ রাসেল প্রমুখ।