পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় ১০০ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ছাড়া ট্রাকচাপায় একজনের নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা হয়েছে। গত শনিবার রাতে ঈশ্বরদী থানায় এ দুটি মামলা হয়।ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী ও ডাকাত বলে পরিচিত দাশুড়িয়ার ইলিয়াস (৩২), জালাল উদ্দিন (৩০), নূরুজ্জামান (৩২), রবি বিশ্বাস (৩৭) ও সরোয়ারের (৩৭) নেতৃত্বে শতাধিক মাদক ব্যবসায়ী পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর হামলা চালায়। এদের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, গাঁজা লুট এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামাসহ মোট ১০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ট্রাকচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে, তবে গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।