ঈশ্বরদীতে ৪ ডাকাত গ্রেপ্তার হামলায় আহত ১০
পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডাকাত সদস্যদের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ ১০ বাসযাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা হলেন ময়মনসিংহের নারায়ণপুর গ্রামের বাসচালক শামীম হোসেন (৪০), তাঁর ছোট ভাই বাসের সহকারী স্বপন মিয়া (২৬), গাজীপুরের কালিয়াকৈর এলাকার বাসযাত্রী উকিন্দ রাজবংশী (৩০) ও সাভারের নবীনগর এলাকার শাকিবুল ইসলাম (৩৭)। গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন রংপুরের মডার্ন মোড় এলাকার জসিম উদ্দিন (২০), সাভারের গেন্ডা এলাকার জাহিদুল ইসলাম (২১), সাভারের বিপ্লব হোসেন (২৭) ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের আরাদীচন্দন গ্রামের ইলিয়াস আলী (২৭)।
ডাকাতের কবলে পড়া বাসযাত্রীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের চান্দরা মোড় থেকে ময়মনসিংহগামী একটি বাসে যাত্রীবেসে ডাকাতেরা ওঠে। বাস ছাড়ার পর ডাকাতেরা অস্ত্রের মুখে চালক ও তাঁর সহকারীকে বেঁধে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে ডাকাতেরা বাস ময়মনসিংহের দিকে না নিয়ে টাঙ্গাইলের দিকে আসতে থাকে। পরে ডাকাতেরা যাত্রীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকাপয়সা, মুঠোফোনসহ স্বর্ণালংকার নিয়ে নেয়। ডাকাতেরা মহাসড়কের বিভিন্ন মোড়ে বাস থামিয়ে যাত্রী তোলে এবং তাঁদের কাছ থেকেও টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ডাকাতেরা বঙ্গবন্ধু সেতু পার হয়ে গতকাল দুপুরে ঈশ্বরদীতে প্রবেশ করে। তেল ফুরিয়ে যাওয়ায় জয়নগর ওয়াবদা মোড়ের কাছে বাসের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যাত্রীরা চিৎকার দিতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ও টহল পুলিশ ছুটে এলে ডাকাতেরা পালাতে থাকে। পরে ধাওয়া করে পুলিশ ওই চারজনকে আটক করে। এ সময় ডাকাত সদস্যদের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীসহ ১০ যাত্রীকে উদ্ধার করে পুলিশ। ওই চারজনকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির গতকাল দুপুরে আহত ও উদ্ধার হওয়া বাসযাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।