ঈশ্বরদীতে ৪২টি বোমা ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের পিয়ারাখালী জোলা এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে ৪২টি হাতবোমা ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায়, রাশেদুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটকের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এসব উদ্ধার করা হয়েছে। রাশেদুল ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর একান্ত সহযোগী।
র্যাব-১২-এর পাবনা ক্যাম্প থেকে জানা গেছে, র্যাবের একটি দল দুপুর ১২টার দিকে পাবনা শহরের চাঁদমারী মোড় এলাকা থেকে রাশেদুলকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের পিয়ারাখালী জোলা এলাকার একটি পানির পাম্পঘর থেকে তিনটি কার্টনে রাখা ৪২টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে পিয়ারাখালী জান্নাতুল আমান কবরস্থানে অপর অভিযানে দুটি শাটারগান ও একটি পাইপগান উদ্ধার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার সোহান বিন আকিদ বলেন, ওই যুবক দ্রুত বিচার আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।