ঈশ্বরদীতে ৪৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
আরমা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘আবদুর রাজ্জাক মেধা বৃত্তি’ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আরমা গ্রুপ ও আরমা ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার চেয়ারম্যান লায়ন আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক খলিলুর রহমান, বিশেষ অতিথি ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক।
আরমা গ্রুপের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বক্তব্যে বলেন, ‘আমাকে কেউ যদি ১০ কোটি টাকা দেয় রাজনীতির জন্য তবুও আমি রাজনীতি করব না। তবে জাতি ও আগামী প্রজন্মের জন্য আমার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছি।’
আয়োজক সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কয়েকটি উপজেলায় আবদুর রাজ্জাক মেধা বৃত্তি চালু রয়েছে। গত বছর থেকে ঈশ্বরদীতেও এই বৃত্তি চালু করা হয়। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে এই বৃত্তির জন্য বাছাই করা হয়ে থাকে। শ্রেণির পার্থক্য ও কয়েকটি স্তরে ভাগ করে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত করা বৃত্তির টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর ৪৩ থেকে বাড়িয়ে ৮০ জনকে বৃত্তি দেওয়া হবে।