অতি দরিদ্র সেজে হাজিরা নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে অতি দরিদ্রদের কর্ম- সংস্থান প্রকল্প থেকে বিত্তশালী ও ব্যবসায়ীসহ ৪৯ জনকে বহিষ্কার করা হয়েছে। দরিদ্র সেজে দৈনিক হাজিরা তোলায় বিত্তশালী এক আওয়ামী লীগের নেতা মঙ্গলবার টাকাও ফেরত দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৭ মার্চ প্রথম আলোয় কর্মসংস্থান প্রকল্পে বিত্তশালীদের নাম ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন গোপনে প্রকল্পের কাজ তদন্ত করেন। গত মঙ্গলবার পাবনার জেলা প্রশাসক এ এফ এম মঞ্জুর কাদির ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমাম উদ্দিন কবিরও কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় ছলিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বিত্তশালী মনতাজ বিশ্বাস, মকছেদ আলী খাঁ, শাহজাহানসহ ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে মনতাজ বিশ্বাস চালানের মাধ্যমে হাজিরার ১০ দিনের এক হাজার ২০০ টাকা ফেরত দিয়েছেন। প্রকল্প এলাকায় মঙ্গলবার থেকে হাজিরাখাতা চালু, জব কার্ড রাখা হয়েছে। অনিয়ম খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃতে ১৪ সদস্যের সুপার মনিটরিং টিম গঠন করা হয়েছে।