ঈশ্বরদীতে ৮০০ একরে চাষাবাদে নিষেধাজ্ঞা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহারের জন্য পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর চরে প্রায় ৮০০ একর জমি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে জমির মালিকেরা বিপাকে পড়েছেন। জমি ফেরত পাওয়ার দাবি জানিয়ে গত শুক্রবার তাঁরা ভূমিমন্ত্রী শামসুর রহমানের বাসভবনে স্মারকলিপি দিয়েছেন।
জমি ব্যবহারকারী কয়েকজন জানান, রূপপুর প্রকল্পের জন্য পূর্বের অধিগ্রহণ করা নির্ধারিত জমির পাশে ঈশ্বরদী পদ্মা নদী চরে নদীপয়স্তি এলাকার ছয়টি মৌজার মধ্যে পূর্ববাহিরচর, পূর্বদাদাপুর, জাজিরা, শিমুলচরা, হুমকা ও নূরপুরের জমিতে তাঁরা যুগ যুগ ধরে ফসল চাষাবাদ করে আসছেন। অনেকে ঘরবাড়িও তৈরি করেছেন। অনেক বছর আগে এসব জমি নদীতে বিলীন হয়ে যায়। প্রায় তিন দশক পরে আবারও সেই জমিতে চর জেগে ওঠে। এতে জমির আগের মালিকেরা সেখানে নতুনভাবে ফল-ফসল চাষাবাদ শুরু করেন।
জমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও জমি ব্যবহারকারী পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের মোক্তার হোসেন জানান, চরের জমিতে চাষাবাদ শুরুর পর সরকারকে জমির খাজনা প্রদান ও মালিকানা ফেরানোর জন্য তাঁরা কয়েক বছর আগে ঢাকার উচ্চ আদালতে রিট করেন। আদালত খাজনা প্রদানের আদেশ দেন এবং সেই জমিতে স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের পর থেকে জমির আগের মালিকেরা চরে নিয়মিত চাষাবাদ করে আসছেন। এ অবস্থায় হঠাৎ করে ১২ মার্চ পাকশী ও রূপপুর এলাকায় ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাত দিয়ে চরের সেই জমিতে নতুনভাবে চাষাবাদ বন্ধ ও জমি ব্যবহার না করার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়।
রূপপুর বিবিসি বাজারের মোস্তাফিজুর রহমান বলেন, প্রশাসন সব নিয়মনীতি মেনে রূপপুর প্রকল্পটি বাস্তবায়ন করলে তাঁদের কোনো সমস্যা নেই। তিনি অভিযোগ করেন, প্রশাসন বিধি না মেনে তাঁদের জমি দখল করতে চাইছে। তাঁর ৭৪ বিঘা জমি রয়েছে পূর্ববাহির চরে। প্রশাসনের ঘোষণায় বর্তমানে সেখানে ফসল চাষ করতে সাহস পাচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন জমি ব্যবহারকারী বলেন, প্রশাসন দিয়ারা জরিপ না করে এবং কোনো নোটিশ না দিয়ে তাঁদের জমি দখল করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে। তাঁরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের মাধ্যমে লড়াইয়ে প্রস্তুত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প সাইট কার্যালয় ঈশ্বরদী সূত্রে জানা যায়, নতুন চরের আনুমানিক ৮০০ একর জমি প্রকল্পের কাজে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুকূলে জাতীয় স্বার্থে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ওই সম্পত্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুকূলে বরাদ্দ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। গত বছর ৩ নভেম্বর ঈশ্বরদী উপজেলা ভূমি কার্যালয় সেই জমি ব্যবহারের জন্য লিখিতভাবে বরাদ্দ দেয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন সাইট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বি এম রুহুল কুদ্দুস জানান, আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী জমি ব্যবহারের জন্য সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হয়েছে।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ওই জমির মালিক সরকার। রূপপুর প্রকল্প বাস্তবায়নের স্বার্থে চরের জমি ব্যবহার না করার জন্য অনেক আগেই জনগণকে সচেতন করতে মাইকে প্রচার চালানো হয়। মামলার প্রসঙ্গে তাঁর কোনো কিছু জানা নেই উল্লেখ করে তিনি বলেন, আদালতের নির্দেশনা পেলে তিনি সেটি অবশ্যই মেনে চলবেন। তা ছাড়া এলাকার কেউ তাঁকে জমির ব্যাপারে কোনো আপত্তি দেননি বলে তিনি দাবি করেন।