ঈশ্বরদীতে 'চিরঞ্জীব বঙ্গবন্ধু'র ম্যুরাল উন্মোচন

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ম্যুরাল উন্মোচন করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গত শুক্রবার এই ম্যুরালের উন্মোচন করেন। ম্যুরালটির নামকরণ করা হয়েছে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’।
ইনস্টিটিউট সূত্র জানায়, ম্যুরালে প্রমাণ আকারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি তৈরি করেছেন দেশের খ্যাতনামা ভাস্কর মৃণাল হক। এতে রড-সিমেন্টের অবকাঠামোর ওপর কারুকার্যখচিত টাইলস ব্যবহার করা হয়েছে। ম্যুরালের পাদদেশে চারটি স্তম্ভ রয়েছে। এই চার স্তম্ভ বাংলাদেশের রাষ্ট্রীয় চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ছাড়া ওই চার স্তম্ভে জাতীয় চার নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করা হয়েছে। পাদদেশে সাতটি ধাপের সিঁড়ি রয়েছে, যা বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করিয়ে দেয়। সাতটি ধাপের সিঁড়ির ওপর স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল।
পুরো পাদদেশের দৈর্ঘ্য ১৬ ফুট ও বঙ্গবন্ধুকে কেন্দ্র করে উদীত হওয়া স্বাধীনতার সূর্যের ১৬টি রশ্মি বাংলাদেশের ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবসের দিনটিকেও গৌরবের সঙ্গে স্মরণ করা হয়েছে। ম্যুরালটি পারিপার্শ্বিক কাজের সহযোগিতা করেছেন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তরুণ শিল্পী কাজী শ্রেষ্ঠত্ব প্রত্যাশা। ম্যুরালটির জন্য এক বছর ধরে অর্থ সংগ্রহ করেছেন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক খলিলুর রহমান। এ প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ইনস্টিটিউটের সব বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ও এক বছরের চেষ্টায় ম্যুরালটি স্থাপন করা হয়েছে।
এদিকে ম্যুরালের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার আয়োজিত ‘কৃষি ও পল্লি উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক কর্মশালায় ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির মহাসচিব হাসিবুর রহমান জানান, ম্যুরালের পাশেই বঙ্গবন্ধু পার্ক ও মিনি মিউজিয়াম করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক খলিলুর রহমান। বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।