ঈশ্বরদীতে 'প্রাচীন' সুড়ঙ্গ
পাবনার ঈশ্বরদী উপজেলার নুরুল্লাপুর গ্রামে পুকুর খননের সময় ইটের তৈরি একটি সুড়ঙ্গপথ ও ‘প্রাচীন’ স্থাপনার সন্ধান মিলেছে। গত রোববার বিকেলে শ্রমিকেরা এর সন্ধান পান।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে অবস্থিত ওই গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, এখানে একসময় ব্রিটিশ ও জমিদারদের ঘরবাড়ি ছিল। আবার অনেকে বলছেন, ওই এলাকায় ব্রিটিশদের নীলকুঠি ছিল। ব্রিটিশরা ওই গ্রামে তাদের স্থাপনা গড়ে তুলেছিল।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সুড়ঙ্গের প্রবেশপথের মুখ তিন ফুট চওড়া। ৬০ ফুট দীর্ঘ সুড়ঙ্গপথের দুই পাশে রয়েছে ইটের গাঁথুনি। সুড়ঙ্গ থেকে খানিক দূরে প্রাচীন ইটের তৈরি বাড়িসদৃশ স্থাপনাগুলোর সঙ্গে কাঠের স্লিপারও লাগানো রয়েছে।
মোস্তফা নামের এক যুবক কৌতূহলবশত ওই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করেন। তিনি জানান, তিনি হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গে ঢুকে কিছুদূর যাওয়ার পর হাতের বাঁ পাশে আরেকটি সুড়ঙ্গপথ পেয়েছেন। তবে সেটি মাটি দিয়ে বন্ধ।
মঙ্গলবার বিকেল থেকে ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ সুড়ঙ্গপথ ও প্রাচীন স্থাপনা দেখতে ভিড় করছেন।
নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা ও পুকুর মালিক খায়রুল ইসলাম জানান, ১৩৭ শতাংশ জায়গার ওপর পুকুর খননের জন্য তিনি দু-তিন দিন আগে শ্রমিকদের কাজে লাগান। সমতল থেকে ২৫ ফুট খনন করার পর শ্রমিকেরা সেখানে কিছু প্রাচীন ইটের সন্ধান পান। গ্রামের নবাব আলী সরদার জানান, তিনি ১৯৫৬ সালে পাকুড়িয়া স্কুলে লেখাপড়া করতেন। সে সময় থেকেই তিনি শুনে আসছেন, নুরুল্লাপুর গ্রামে ব্রিটিশদের ঘরবাড়ি ও নীলকুঠি ছিল। পরে অনন্তবাবু নামের এক জমিদার সেখানে তাঁর জমিদারির স্থাপনা তৈরি করেন। প্রয়াত অনন্ত বাবুর আত্মীয়রা এখন কোচবিহারে থাকেন বলে জানান তিনি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি গতকাল দুপুরে পুলিশসহ ওই স্থানে গিয়ে খননকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে বলে তিনি ধারণা করছেন।
বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বদরুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খুব দ্রুত তিনি সেখানে পরীক্ষা-নিরীক্ষার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠাবেন।