ঈশ্বরদীর খাদ্যগুদামে ধান কেনা শুরু হয়নি বঞ্চিত কৃষকেরা
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান কেনার কার্যক্রম শুরু হলেও পাবনার ঈশ্বরদীতে এখনো তা শুরু হয়নি। ফলে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে না পেরে স্থানীয় কৃষকেরা সরকারি মূল্যের তুলনায় ৩০০ থেকে ৪০০ টাকা কমে হাটবাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলার দাশুড়িয়া গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, তাঁর কৃষিকার্ড রয়েছে। তবু সরকারি খাদ্যগুদামে সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারছেন না। তাই তিনি সরকারের নির্ধারিত ৯২০ টাকার চেয়ে ৩৫০ থেকে ৪৫০ টাকা কমে ইতিমধ্যে ২০ মণ ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন।
ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে ঈশ্বরদীর মুলাডুলি সরকারি কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) ও স্থানীয় সরকারি খাদ্যগুদামে (এলএসডি) ৩১৩ মেট্রিক টন ধান কেনার নির্দেশনা এসেছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে কেনা হবে। অর্থাৎ প্রতি মণ (৪০ কেজি বস্তা) ধানের দাম রাখা হয়েছে ৯২০ টাকা করে। সারা দেশে ৫ মে থেকে সরকারি খাদ্যগুদামে বোরো ধান কেনার কাজ শুরু হয়েছে। কিন্তু ঈশ্বরদীতে এখনো ধান কেনার কার্যক্রম শুরু করা হয়নি। গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা পরিষদে ধান সংগ্রহ কমিটির একটি সভা অনুষ্ঠিত হলেও কবে ধান কেনা হবে, সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদিন এ প্রসঙ্গে বলেন, ধান সংগ্রহ কমিটির প্রথম সভায় বেশ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ওই সভার কাজও বিলম্বিত হয়। এরপর গত বৃহস্পতিবার আরেকটি সভা হয়। সেখানে আবার উপজেলা কৃষি কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। তাই কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই সভার কাজও শেষ করতে হয়। তবে উপজেলায় শিগগিরই সরকারি খাদ্যগুদামে ধান কেনার কাজ শুরু হবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক।