ঈশ্বরদীর দুই সবজিচাষি পেলেন জাতীয় পুরস্কার
সবজি উৎপাদনে বিশেষ অবদান রাখায় দেশসেরা পুরস্কারপ্রাপ্ত তিনজনের মধ্যে দুজনই পাবনার ঈশ্বরদীর। জাতীয় সবজি মেলার সমাপনী দিন গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার খামারবাড়ি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার পাওয়া দুই সবজিচাষি হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে আবদুল বারী এবং জগন্নাথপুর গ্রামের জাতীয় পদকপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিনের স্ত্রী বেলী বেগম।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, পরিবেশবান্ধব জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণসহ এলাকায় কর্মসংস্থান তৈরিতে বিশেষ অবদান রাখায় এবার জাতীয় সবজি মেলায় দেশের তিন সবজিচাষিকে কৃষি মন্ত্রণালয় পুরস্কৃত করে। এর মধ্যে আবদুল বারী দ্বিতীয় ও বেলী বেগম পেয়েছেন তৃতীয় পুরস্কার। কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে তাঁদের হাতে পুস্কারের ক্রেস্ট, সনদ ও টাকা তুলে দেন।