ঈশ্বরদীর দুটি গ্রাম মাদক ব্যবসার ঘাঁটি
পাবনার ঈশ্বরদী উপজেলার দুটি গ্রাম মাদক ব্যবসার প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। নৌ ও রেলপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উপজেলার মাঝদিয়া ও সাঁড়া গ্রামে মজুত রাখার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ ছাড়া উপজেলার ২০টি স্থানে ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবাধে বিক্রি করা হচ্ছে। পুলিশকে নিয়মিত ঘুষ দিয়ে মাদক ব্যবসায়ীরা এ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদক ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার ফেনসিডিল বিক্রি হয়। নাম প্রকাশ না করার শর্তে এক মাদক ব্যবসায়ী জানান, বর্তমানে এই উপজেলায় প্রায় এক হাজার মাদক ব্যবসায়ী আছেন। ফেনসিডিল ছাড়াই প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে হেরোইন, গাঁজা, মদ, তাড়িসহ ৩০ লাখ টাকার মাদকদ্রব্য বিক্রি হয়। এসব স্থানের মাদক ব্যবসায়ীরা পুলিশকে নিয়মিত মাসোহারা দেন।
মাঝদিয়া গ্রামের এক শিক্ষক জানান, এই গ্রামে শতাধিক মাদক ব্যবসায়ী আছেন। তাঁরা প্রভাবশালী এবং সন্ত্রাসী। মাইক্রোবাস, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে প্রতিদিন প্রচুর ফেনসিডিলের বোতল ঢাকায় পাঠানো হয়। উপজেলার কলেজ রোড, ফতেহ মোহাম্মদপুর, গোকুলনগর, আড়মবাড়িয়া, পাকশী, দাশুড়িয়া, ব্লাকপাড়াসহ ২০টি স্থানে ফেনসিডিল বিক্রি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিন পাবনা সদর, আটঘরিয়া; কুষ্টিয়ার ভেড়ামারা ও নাটোরের লালপুর থেকে অনেক তরুণ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর এসব স্থানে এসে ফেনসিডিল সেবন করেন।
মাদক ব্যবসায়ীরা জানান, নাটোরের বিলমারিয়া, দুরদুরিয়া, নবীনগর, লালপুর নদীর ঘাট; রাজশাহীর বাঘা উপজেলার চারঘাটসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে নৌপথে এসব ফেনসিডিলের বোতল ঈশ্বরদীতে আনা হয়। রেলপথে দিনাজপুরের হিলি, হাকিমপুর; রাজশাহীর পবা, আড়ানি, লোকমানপুর, আবদুলপুর স্টেশন দিয়ে এই উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল আনা হয়। এ ছাড়া কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ফেনসিডিলের বোতল নৌপথে এনে প্রথমে সাঁড়ার ৫ নম্বর নৌঘাটে মজুত করা হয়। এরপর চানমারী গ্রামে নিয়ে এগুলো বস্তা ও পলিথিনের মধ্যে রাখা হয়। শেষে এগুলো রেলপথে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ নূর আলম পাটওয়ারী জানান, মাদক ব্যবসা বন্ধ করার জন্য পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত উপজেলার ব্লাকপাড়ার বরকি বাবু, মুলাডুলির মুন্না ও দুলালকে সম্প্রতি গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েক দিন আগে ছলিমপুরের বরইচরা গ্রামের হোসেন আলী ও সাঁড়ার সামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগের কথা শোনা যাচ্ছে। কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
পুলিশের ঈশ্বরদী সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ মাস থেকে ১৮ জুন পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় ৩৮টি মামলা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, বর্তমানে ঈশ্বরদীতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছে। তবে কিছু মাদক ব্যবসায়ী ভ্রাম্যমাণ অবস্থায় মাদক বিক্রি করছেন। মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা নেওয়া হয় না।