ঈশ্বরদীর পৌর মেয়রসহ ১৮ জনের আগাম জামিন
‘মাছ লুটের’ মামলায় পাবনার ঈশ্বরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদসহ যুবলীগ-ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।
জামিন পাওয়ার বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন মেয়র আবুল কালাম আজাদ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ওই মামলায় জামিন পাওয়ার বিষয়টি তিনি মুঠোফোনে জেনেছেন।
ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বাদী হয়ে মাছ লুটের অভিযোগে ২ জুলাই রাতে একটি মামলা করেন। এতে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সভাপতি সানোয়ারসহ ১৮ জনকে আসামি করা হয়।
মামলার পর মেয়র ও তাঁর অনুসারীরা জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। গতকাল দুপুরে শুনানি শেষে আদালত তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন।