ঈশ্বরদীর মুলাডুলি খাদ্যগুদামে ঢুকে সন্ত্রাসীদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি কেন্দ্রীয় খাদ্যগুদামে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে সন্ত্রাসীরা গুদামে ঢুকে চারটি গুলি করে।

এ সময় গুদামের শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে গুদামের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।

গুদামের কর্মকর্তা-কর্মচারীরা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম মুলাডুলি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। বুধবার দুপুরে তিন-চারটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা গুদামে এসে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা না পেয়ে তারা কর্মকর্তাদের শাসিয়ে চলে যায়।

খাদ্যগুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, ওই দিন রাত সোয়া নয়টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন সন্ত্রাসী খাদ্যগুদামে ঢুকে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর তারা খাদ্যগুদামের প্রধান ফটকের কাছে এসে গুদামের ব্যবস্থাপকের বাসা লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এরপর তারা চিৎকার করতে করতে বেরিয়ে যায়।

গুদামের ব্যবস্থাপক ম ক আজাদ বলেন, এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, ঘটনার পর পর পুলিশ মুলাডুলি খাদ্যগুদামে ছুটে যায়। সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।