ঈশ্বরদীর মোকামে চালের দাম বাড়ার নেপথ্যে
পাবনায় ঈশ্বরদীর মোকামে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে গড়ে ১৫০ টাকা পর্যন্ত। দেশের অন্য মোকামে চালের দাম বাড়ার খবরে ঈশ্বরদীর মোকামেও চালের দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে। ঈশ্বরদীর জয়নগর মোটা চালের বড় মোকাম। এ বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মাসের শুরুতে এই মোকামে চালের দাম স্থিতিশীল ছিল। পরে অল্প অল্প করে প্রতিদিনই বাড়তে থাকে। ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার এই মোকামে মোটা চাল (গুটি স্বর্ণা) ৮৪ কেজির বস্তা বিক্রি হয়েছিল এক হাজার ৯৪০ টাকায়। গতকাল রোববার তা দুই হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে দুই হাজার ১৮০ টাকার স্বর্ণা চাল বেড়ে দুই হাজার ৩৪০ টাকা, দুই হাজার ৩০০ টাকার বি আর-২৯ চাল দুই হাজার ৪৬০ টাকা এবং দুই হাজার ৩২০ টাকার বি আর-১০ চাল বেড়ে দুই হাজার ৫২০ টাকা হয়েছে। অন্যান্য চালের দামও বেড়েছে বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা।চালের দাম বাড়ার কারণ সম্পর্কে জয়নগর মোকাম মালিকেরা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। তাঁদের ধারণা, ঢাকার বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিরা বেশি দামে চাল কিনছেন।জয়নগরের চাল ব্যবসায়ী নবাব আলী প্রথম আলোকে জানান, দেশের অন্য মোকামে চালের দাম বাড়ার খবর পেয়ে ঈশ্বরদীর জয়নগর মোকামের ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশের অন্য জায়গায় দাম বাড়ায় জয়নগর মোকাম মালিকেরা চালের দাম বাড়িয়ে দেন। ঈশ্বরদী ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাজদার রহমান জানান, মোকামে ধানের দাম তুলনামূলক অনেক বেশি। মোকামের মালিকেরা উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে বেশি দামে ধান সংগ্রহ করেছেন। এ কারণে চালের দাম বাড়ছে। চাল ব্যবসায়ী রবিউল আলম জানান, চালের দাম বেড়ে যাওয়ায় বাইরের বেপারিদের মোকামে কম দেখা যাচ্ছে। ঈশ্বরদীতে চাল উত্পাদনের এ রকম ৬০০ ধানের চাতাল রয়েছে। এসব চাতালে ১২ হাজার শ্রমিক কাজ করছে। এখান থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ ২০টি জেলায় নিয়মিত চাল পাঠানো হয়।