ঈশ্বরদীর রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হচ্ছে
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে দেশের আলোচিত রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীতে ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ শনিবার দুপুরে পাকশীর চায়না কটেজে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরমাণু প্রকল্পের নানা বিষয়ে জানার জন্য চলতি বছরেই ঢাকার নভো থিয়েটার ও ঈশ্বরদীতে একটি ‘ইনফরমেশন সেন্টার’ চালু করা হবে। সেখান থেকে সাধারণ মানুষ পরমাণু সম্পর্কে নানা তথ্য জানতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সময় সব দিক থেকে দেশের মানুষকে নিরাপত্তার মধ্যে রাখার জন্য সর্বোচ্চ ও অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা রাখা হবে। তিনি বলেন, এর মধ্যে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জাতীয় কমিটির সভায় ওই প্রকল্পের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তাই ওই প্রকল্প নিয়ে কারও নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, প্রকল্পের ৯০ ভাগ অর্থ দিতে সম্মত হয়েছে রাশিয়া। বাকি ১০ ভাগ অর্থ বাংলাদেশ সরকার দেবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। প্রকল্প পরিচালক শওকত আকবর জানান, রূপপুর প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে আট হাজার কোটি টাকার জোগান মিলেছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন করে আর কোনো জমি অধিগ্রহণ করা হবে না বা কাউকে উচ্ছেদ করা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) এম আলী জুলকার্ননাইন, অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামান, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানোয়ার হোসেন।