ঈশ্বরদীর ৪৫০০ শিক্ষার্থী গণিতের নতুন বই পায়নি
বই উৎসবের পর ২৭ দিন পার হয়ে গেলেও পাবনার ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সাড়ে চার হাজার শিক্ষার্থীর হাতে এখনো গণিতের নতুন বই পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকেরাও পড়েছেন বিপাকে।
উপজেলার সাহাপুর ইউনিয়নের ‘নূরজাহান উচ্চ বালিকা বিদ্যানিকেতনের’ সহকারী প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৬২ জন শিক্ষার্থী গণিতের নতুন বই পায়নি। এতে পড়া ঠিকমতো ধরতে পারছে না তারা। অনেকে ওপরের ক্লাসে উঠে যাওয়া পরিচিত কোনো শিক্ষার্থীর পুরোনো বই নিয়ে আসছে। কিন্তু নতুন বইয়ের সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা করতে না পারায় পাঠদান সংক্ষিপ্ত করা হয়েছে।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুতুব উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত ওই বিদ্যালয়ে গণিতের নতুন বই আসেনি। বিদ্যালয়টির চার-পাঁচজন শিক্ষার্থী জানায়, শিক্ষক তাদের পুরোনো বই সংগ্রহ করতে বলেছেন। কিন্তু পুরোনো বইয়ের সঙ্গে নতুন বইয়ের পড়া কতটুকু মিলবে তা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানকার সব মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে নতুন বই বিতরণ সম্পন্ন হয়েছে। শুধু ষষ্ঠ শ্রেণির গণিতের বই বাকি। এবার উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে গণিতের বইয়ের চাহিদা ৮ হাজার। এর মধ্যে ৪ হাজার ৫০০ বই এখনো ঈশ্বরদীতে এসে পৌঁছায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, গণিতের বইয়ের জন্য প্রতিদিনই বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা এসে খোঁজ নিচ্ছেন। তিনি একাধিকবার জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরিচালককে বিষয়টি জানিয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার বোর্ড থেকে জানানো হয়েছে, শিগগিরই গণিতের নতুন বই ঢাকা থেকে পাঠানো হবে। এই বই ঈশ্বরদীতে এসে পৌঁছালেই সেগুলো বিদ্যালয়ের প্রধানদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।