ঈশ্বরদীর ৬০০ চাতাল আবার সরব
দেশের বিভিন্ন হাটবাজারে নতুন ইরি-বোরো ধান উঠতে শুরু করায় দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদীর ৬০০ ধানের চাতাল আবার চালু হয়েছে। কর্মব্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের সর্ববৃহত্ এই মোকামের ২০ হাজার চাতালের শ্রমিক। গত এক সপ্তাহে মোকামের পাইকারি বাজারে প্রতি বস্তায় চালের দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। এখানকার ব্যবসায়ী ও মিল-মালিকদের ধারণা, এবার ধানের ফলন ভালো হওয়ায় চালের বাজার স্থিতিশীল থাকবে।চাল ব্যবসায়ীরা জানান, উত্তরবঙ্গে মোটা চালের বৃহত্ এই মোকামে রয়েছে ৬০০ চাতাল। রাজধানী ঢাকাসহ দেশের ৩০টি জেলায় চাল সরবরাহ করা হয় ঈশ্বরদীর এই মোকাম থেকে। আর দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের হাটবাজার থেকে ধান কিনে এখানে চাল উৎপাদন করা হয়। কিন্তু প্রায় তিন মাস ধরে কার্যত অচল ছিল এ মোকাম। চাতাল-মালিকেরা জানান, সে সময় হাটবাজারে ধানের সংকট ও দাম বেশি থাকায় বেপারিরা ধান কেনা থেকে বিরত থাকেন। ফলে পর্যায়ক্রমে ঈশ্বরদীর চাতালগুলো বন্ধ হয়ে যায়।ঈশ্বরদীর ধানের বেপারি আনোয়ার হোসেন জানান, এবার ধানের বাজার ভালো। ধান ও চালের দামের মধ্যে সমন্বয় রয়েছে। তিনি জানান, গত সপ্তাহ থেকে বেপারিরা সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা, নেত্রকোনা, যশোরের কেশবপুর ও বগুড়া জেলার বিভিন্ন হাটবাজার থেকে আগাম ওঠা ইরি-বোরো ধান কিনছেন এবং মিলে এনে চাল তৈরি করতে শুরু করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, চাতালগুলো চালু হওয়ায় পাইকারি বাজারে চালের দামও কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে এই মোকামে চালের দাম কমেছে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা। চালের ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার ঈশ্বরদীর মোকামে নতুন বিআর-২৮ চাল বিক্রি হয়েছে প্রতি বস্তা (৮৪ কেজি) সর্বোচ্চ দুই হাজার ৩৫০ টাকা। অথচ সপ্তাহের শুরুতে তা বিক্রি হয় দুই হাজার ৭০০ টাকায়। একইভাবে মিনিকেট চাল গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে প্রতি বস্তা সর্বোচ্চ দুই হাজার ৫৫০ টাকা দরে। সপ্তাহের শুরুতে তা বিক্রি হয় তিন হাজার ১০০ টাকায়। এ ছাড়া এ বছর নতুন পারি চাল বিক্রি হচ্ছে দুই হাজার ১৫০ টাকা। তাঁরা জানান, মোকামে এখন পর্যন্ত এই তিন প্রকার চাল বিক্রি হচ্ছে।ঈশ্বরদী ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, এবার এই মোকামে ধানের আমদানি বেশি হবে। কারণ, দেশে এবার প্রচুর ধানের আবাদ হয়েছে। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়া না থাকলে এবার চাল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কৃষক, ব্যবসায়ী ও চাতাল-মালিকেরা ন্যায্যমূল্য পাবেন।