ঈশ্বরদীর ‘রূপভান’ শিমে ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর সর্বত্র আগাম জাতের ‘রূপভান’ শিমে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। ইতিমধ্যে অনেক শিমে পচন ধরেছে। এ অবস্থায় উৎপাদন ব্যয় ওঠা তো দূরের কথা, বীজের দাম তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। চাষিরা জানান, ভাইরাস ঠেকাতে তাঁরা কীটনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না। উচ্চমূল্যে জমি ইজারা নিয়ে চাষিরা গতবারের মতো এবারও আগাম জাতের শিম চাষ করেছিলেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ২৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে ৮৫০ হেক্টরেই চাষ হয়েছে ‘রূপভান’ শিম। ঈশ্বরদীর প্রধান শিম উৎপাদনকারী এলাকা মূলাডুলি। গত ১৮ সেপ্টেম্বর ওই এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে বপন করা রূপভান শিম হলদেটে হয়ে গেছে। হলুদ রঙের শিমের মাচায় রয়েছে ফুল ও ফলহীন ডাটা। অধিকাংশ জমিতে ফুলের দেখা মিললেও ফল ধরেনি। আবার ফল ধরেছে এমন গাছে পচন দেখা গেছে।মূলাডুলি গ্রামের চাষি ফেরদৌস জোয়াদ্দার জানান, তাঁর ১০ বিঘা জমিতে এবার আগাম শিমের চাষ হয়েছে। এর মধ্যে ছয় বিঘা জমিতে ফুল এলেও তা শুকিয়ে ঝড়ে যাচ্ছে। দু-একটি ফুলে ফল ধরলেও ভাইরাসের আক্রমণে তা পচে নষ্ট হয়ে যাচ্ছে। মূলাডুলি পাইকারি বাজারের সবজি আড়তদার আমিনুর রহমান জানান, ফলন বিপর্যয় না হলে এ আড়ত থেকে প্রতিদিন ৮০-১০০ ট্রাক শিম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। এখন তা দু-এক ট্রাকে নেমে এসেছে। আড়তদার খোকন শেখ জানান, ফলন বিপর্যয় না হলে এই আড়তে চলতি সময়ে গড়ে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার শিম কেনাবেচা হতো। সেখানে ফলন বিপর্যয়ের ফলে তা নেমে এসেছে দুই থেকে তিন লাখ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম জানান, ‘লিফকার্ল মোজাইক’ নামের এই ভাইরাস ঢ্যাঁড়সের জমি থেকে শিমের জমিতে ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণ থেকে শিমগাছ বাঁচাতে হলে আক্রান্ত গাছ উপড়ে ফেলতে হবে।