ঈশ্বরের মাতৃরূপে অবতরণ

দুর্গাপূজা এসেছে। এসেছেন ত্রিনয়নী মা শারদীয় এই দুর্গোৎসবে। মা দেবী দুর্গার আশীর্বাদে শ্রীরামচন্দ্র রাক্ষসরাজ রাবণকে পরাজিত করার পর সীতাকে উদ্ধার করলেন। সেই থেকে শরৎকালে হয়ে আসছে দুর্গাপূজা। শরৎকালে, অর্থাৎ দক্ষিণায়নে সব দেব-দেবীর মতো দেবী দুর্গা বিষ্ণুমায়া নিদ্রিতা থাকেন। শারদীয় দুর্গাপূজায় বোধন হচ্ছে, যার নামে নিদ্রিত দেবীকে জাগ্রত করা বোঝায়।
তাঁর জাগরণের জন্য এই শরৎকালকে অকালবোধনের দ্বারা দেবীকে জাগ্রত করা হয় বলে দুর্গার অপর নাম শারদীয়া। মা দুর্গা দেবী স্বামী মহাদেবের কাছ থেকে অন্ন খেতে চেয়েছেন বলে তাঁকে অন্নপূর্ণা পূজা বলে। দুর্গা হলো জীবের তথা দেবতাদের দুর্গতি যিনি নাশ করেন, আবার দুর্গম অসুরকে যিনি বধ করেন।
চণ্ডীর বর্ণনা অনুযায়ী, দুর্গম নামক অসুরকে বধ করায় দেবী মায়ের নাম হয়েছে দুর্গা। দুর্গম অসুরের কাজ ছিল জীবকে দুর্গতিতে ফেলা। দুর্গমকে বধ করে যিনি স্বর্গ থেকে বিতাড়িত দেবগণকে হৃতরাজ্যে ফিরিয়ে দেন এবং জীবজগতে দুর্গতির হাত থেকে জীবন রক্ষা করেন, তিনিই মা দুর্গা। দেবীর ডানে লক্ষ্মী ও গণেশ, বাঁয়ে সরস্বতী ও কার্তিক। দুর্গা শব্দের অর্থ যিনি জীবের দুর্গতি হনন করেন। আরেকটি অর্থ দুর্জয়া। মা দুর্গা দুর্গম নামে এক অসুরকে বধ করেছিলেন বলে মায়ের নাম হয়েছে দুর্গা। রাজভ্রষ্ট রাজা যুধিষ্ঠির বিপদ থেকে মুক্তিলাভের জন্য মা দুর্গার আরাধনা করেছিলেন বলে মহাভারতের বিরাট পর্বের ২৪ অধ্যায়ে উল্লেখ আছে। দুর্গা শক্তিদায়িনী। যুগে যুগে বিভিন্ন সংকটের সময় তিনি মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তিনি তাই আদ্যশক্তি মহামায়া, ব্রহ্মসনাতনী। দুর্গা, মহিষমর্দিনী, শলিনী, পার্বতী, কালিকা, ভারতী, অম্বিকা, গিরিজা, বৈষ্ণবী, কৌমারী, বাহারী, চণ্ডী, লক্ষ্মী, উমা, হৈমবর্তী, কমলা, শিবানী, যোগনিন্দা প্রভৃতি নামে ও রূপে মায়ের পূজা হয়ে থাকে।
দুর্গাপূজায় আমাদের বাসায় সব সম্প্রদায়ের লোকই আসত, এখনো আসে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মঙ্গল কামনায় দেবী দুর্গা এই ধরণিতে আসেন। তাই সবাইকে সঙ্গে নিয়েই আমরা দুর্গাপূজা করি। আমাদের আনন্দ আমরা সবার সঙ্গেই ভাগ করে নিই। সবার সঙ্গে পূজা করতে আনন্দ করতে আর পূজার প্রসাদ সবাই একসঙ্গে খেতে কী যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না। পূজায় প্রসাদ হিসেবে প্রথম দেওয়া হতো ফলমূল। তাতে আপেল, কলা, আঙুর, পেঁপে আরও কত কী। দুপুরে দেওয়া হতো ভোগ, তাতে খিচুড়ি, সঙ্গে লাবড়া; অর্থাৎ নানা রকম শাকসবজি দিয়ে তৈরি নিরামিষ। সবাই প্রসাদ খেয়ে বলত, আহা, কী মজা! এমন মজার খাবার কত দিন খাইনি! আমরা তাদের এই আনন্দ আর তৃপ্তি দিয়ে নিজেরাই আনন্দিত হতাম। সন্ধ্যায় হয় আরতি, সেই আরতির সময় ধূপধোঁয়ায় চারদিক হয়ে যেত গন্ধময় একটি ধোঁয়াটে পরিবেশ। আর ঢাকঢোল, কাঁসার শব্দধ্বনিতে আমরা সবাই নাচতাম। প্রতিমার সামনে হাতে ধূপের পাতিল নিয়ে আমিও নাচতাম। আসলে পূজায় যারা ঢাকঢোল বাজায়, তারা এমনই তালে তালে, ছন্দে ছন্দে বাজায়, যেন নাচতে ইচ্ছে করে। আমারও সে সময় নাচতে ইচ্ছে করছিল, তাই একবার নেচে পুরস্কারও পেয়ে গেলাম। পূজায় আমরা এমনিই আনন্দ করতাম। আজ যে পূজায় আমরা যাই, সেই পূজায় হয়তো সে রকম আনন্দ পাই না, পাই না সে রকম আনন্দঘন পরিবেশ। তবু পূজা আসে, পূজা যায়, আমরাও পূজা করি। আজ আমার মা নেই, স্বর্গবাসী হয়েছেন। মাকে ছাড়া পূজা করব ভাবতেও পারি না।
ত্রিনয়নী মহাদেবী দুষ্টের দমনে শিষ্টের পালনে আবিভূর্তা, এ পূজার মূর্তি কল্পনায় ফুটে ওঠে শৌর্য-বীর্য (কার্তিক), জ্ঞানভক্তি (সরস্বতী), সিদ্ধি (গণেশ), সম্পদ (লক্ষ্মী ) ও মানবজীবনের ইহকালের বস্তুলাভ এবং অন্তিমকালে মাতৃক্রোড়ে চির আশ্রয়। আর মায়ের পদতলে মহিষাসুর অশুভ ও অহংকারের প্রতীক, যা জগতে অমঙ্গলের হেতু। তাকে আবার শাসন করছেন স্বয়ং দেবী, যিনি কল্যাণময়ী বরাভয়দায়িনী হিসেবে জগতের কল্যাণ করে আসছেন।
পূজার ষষ্ঠীতে দেবীর ষষ্ঠাধিকল্প অর্থাৎ আবাহন, বোধন, আমন্ত্রণ, অধিবাস প্রভৃতি অনুষ্ঠান হয়ে থাকে। এই ষষ্ঠীতে সন্ধ্যাকালে দেবীর বোধন হয়। শাস্ত্রমতে দেবীর বোধন হয় বিল্ববৃক্ষে বা বিল্বশাখায়। অন্যদিকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিমায় দেবীর অর্চনা করা হয়ে থাকে, সপ্তমীতে অন্যতম অনুষ্ঠান নবপত্রিকা প্রবেশ কদলীবৃক্ষসহ আটটি উদ্ভিদ এবং জোড়াবেল একসঙ্গে বেঁধে শাড়ি পরিয়ে বধূর আকৃতির মতো তৈরি করে দেবীর পাশে স্থাপন করা হয়, প্রচলিত ভাষায় একে কলাবউ বলে। পূজার অষ্টমীতে বিশেষ অনুষ্ঠান অষ্টমী ও নবমী তিথির সন্ধিতে দেবীর বিশেষ পূজা ‘সন্ধিপূজা’।
কুমারীপূজা
অষ্টমী তিথিতে কোনো কুমারী বালিকাকে পূজা করা হয়। দক্ষিণ ভারতে কন্যা কুমারীর মন্দিরে কুমারী প্রতিমা পূজা দেবী দুর্গারই ঐতিহ্যবাহী। তান্ত্রিক মতবাদের প্রতিফলন কুমারীপূজা সব শক্তিপীঠেই হয়। ১৯০১ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম দুর্গাপূজায় কুমারীপূজা করেছিলেন।
কুমারীপূজা মাতৃভাবে ঈশ্বরেরই আরাধনা। কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন। দুর্গাপূজার অষ্টমী বা নবমীতে সাধারণত পাঁচ থেকে সাত বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। দুর্গাজ্ঞানে পূজা করে সবার মধ্যে মাতৃভাবেরই সঞ্চার করা হয়। প্রায় সর্বজাতীয়া কন্যাকেই কুমারীরূপে পূজা করা হয়। তবে স্বত্বগুণসম্পন্না-শান্ত, পবিত্র, সত্যশীলা—এসব দৈবী সম্পদের অধিকারিণী কুমারীই জগজ্জননীর প্রতিমারূপে গ্রহণের বিধি আছে। পাখি যেমন একটি ডানায় উড়তে পারে না, সমাজও তেমনি পুরুষশক্তি দ্বারা চলতে পারে না। কুমারীপূজা নারীকে মূল্যায়নের একটি সর্বোচ্চ শাস্ত্রীয়বিধি। সমগ্র বিশ্বে এই নারী মূর্তি মহামায়ারূপে প্রকাশিতা এবং এরই মাতৃকাশক্তি কুমারীরূপে ঈশ্বরেরই আরাধনা।
নবমীতে হোমযজ্ঞের দ্বারা পূজার পূর্ণহূতি দেওয়ার রীতি। দুর্গাপূজায় দশমী তিথিতে হয় দেবীর বিসর্জন। পূজায় দশমী তিথি বিজয়া দশমী নামে খ্যাত। হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে শ্রীরামচন্দ্র কর্তৃক রাবণ নিহত হয়েছিলেন।
একই কারণে স্বর্গ-মর্ত্যেও দুর্দিনে দুর্গতিনাশিনী দুর্গার আবির্ভাব হয়েছিল। সব দেবতার সম্মিলিত তেজ সৃষ্টি করেছিল মহামায়াকে। আবার সেই শক্তিতে বলীয়ান হয়েই দেবী চণ্ডী অশুভকে বিনাশ করে স্বর্গ-মর্ত্যের মতো শান্তি প্রতিষ্ঠা করে ধর্মের অন্তর্নিহিত অর্থকেই আবার ঊর্ধ্বে তুলে ধরেছিলেন।
প্রতিবছর মা আসেন, ভক্তের পূজা নিয়ে আবার ফিরেও যান কৈলাসে। শরতের কাশবনে যখন ফুলের শুভ্রতা, সনাতনী বাঙালিরা তখন প্রস্তুতি নেয় মা দুর্গাকে মর্ত্যে বরণ করার জন্য। মায়ের আগমনে সন্তানের আনন্দ। যেকোনো সংকটে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারলেই শুধু সম্মিলিত শক্তিতে অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। শরৎকালের দুর্গাপূজায় ধনী-দরিদ্র, উঁচু-নিচু—সবাই মিলিত হয় পরমানন্দে। মায়ের কাছে সন্তানের অধিকার সমান। কারণ, তিনি বিশ্বজননী। সর্বস্তরের জনগণের মিলিত প্রয়াসই দুর্গাপূজা। সবার মিলনই দুর্গাপূজার আসল রূপ।
প্রাগৈতিহাসিক যুগ থেকেই চলে আসছে মাতৃপূজার চিরন্তন ধারা এবং এটি যে কত প্রাচীন, তা আজও রহস্যাবৃত। সুদূর অতীতের কোনো ধূসর প্রদোষে মাতৃরূপিণী, শক্তিরূপিণী, বরাভয়প্রদায়িনী, দুর্গতিনাশিনী দুর্গাপূজার হয়েছিল প্রথম প্রচলন, তা আজও হয়নি নির্ণীত। মহেঞ্জোদারো ও হরপ্পায় খননকাজের ফলে প্রাগবৈদিক যুগের যে নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তাতে সে যুগেও যে মাতৃপূজা প্রচলিত ছিল, তার সুস্পষ্ট প্রমাণ মিলেছে।
আমরা আজ সবাই আমাদের দুর্গা মাকে বরণ করব, আর কামনা করব, মা যেন আমাদের বিপথ থেকে সব সময় রক্ষা করেন। আমরা সবাই যেন সবাই দুঃখ-কষ্ট ভাগ করে নিতে পারি। আমাদের মধ্যে হিংসা, হানাহানিসহ সব বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই যেন বন্ধু হতে পারি।
অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী: একুশে পদকপ্রাপ্ত সিনিয়র কনসালট্যান্ট ডিপার্টমেন্ট অব ডেন্টিস্ট্রি, বারডেম হাসপাতাল; সদস্য, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ-সংক্রান্ত টাস্কফোর্স।