উঁকি দিলেই ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের নাগালের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার। এটি সচল, না অচল—এমন কৌতূহল থেকে উঁকি দিয়ে দেখছিল এলাকার পরিচ্ছন্নতাকর্মী এক কিশোর। কাছাকাছি যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। শেষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি তিন থেকে চার ফুট উঁচুতে স্থাপন করায় এভাবে উঁকি দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রান্সফরমারটি নিরাপদ উঁচুতে স্থাপনের দাবি জানালেও বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। হাউজিং এস্টেটের মূল রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ট্রান্সফরমারটি। ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন এই ট্রান্সফরমারে সংযোগও সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় খোলা তারের মাধ্যমে নেওয়া। এই রাস্তা দিয়ে পাশের পাহাড়িকা আবাসিক এলাকাসহ কয়েকটি এলাকার লোকজন নিয়মিত যাতায়াত করে। চলাচলের একটি মাত্র রাস্তা হওয়ায় হাউজিং এস্টেট এলাকার কিন্ডারগার্টেন ও বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকার বাসিন্দা সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী বলেন, ‘হাউজিং এস্টেট এলাকায় বসতি শুরুর সময় থেকে ট্রান্সফরমারটি এভাবে রয়েছে। তবে তখন বৈদ্যুতিক খুঁটির নিচে জঙ্গল থাকায় বিপজ্জনক অবস্থা চোখে পড়েনি। এক বছর ধরে লিখিতভাবে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানো হচ্ছে যে ট্রান্সফরমারটি নাগালের বাইরে নেওয়া হোক। কিন্তু বিদ্যুৎ বিভাগ কিছুই করেনি।’সিলেট বিদ্যুৎ বিপণন ও বিতরণ শাখা সূত্র জানায়, ট্রান্সফরমার স্থাপন করার আলাদা বিধি রয়েছে। এ বিধি মোতাবেক যে খুঁটিতে ট্রান্সফরমার বসানো হবে, সেই খুঁটির নিরাপত্তার দিকটি বিবেচনা করা হবে। জনগণের নাগালের বাইরে নিরাপদ অবস্থানে থাকতে হবে। বিকল্প না থাকলে সমতল থেকে কমপক্ষে ১০ ফুট উঁচুতে বসাতে হয়। ২৫০ কেভির ট্রান্সফরমার হাতের নাগালে রাখা এবং পাশে খোলা তারের সংযোগ সম্পর্কে বিদ্যুতের সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘এ রকম হলে তো মৃত্যুর ঝুঁকি!’ হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার মজিদ চৌধুরী জানান, এলাকাবাসীর পক্ষ থেকে ৬ মার্চ একটি লিখিত আবেদন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বরাবরে দেওয়া হয়েছে। প্রায় তিন মাস পরও বিষয়টি বিদ্যুৎ বিভাগ পর্যবেক্ষণ পর্যন্ত করেনি। নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ রকম অবস্থায় ট্রান্সফরমার থাকার বিষয়টি জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি দ্রুত খোঁজ নিয়ে দেখব এবং ঝুঁকি কাটানোর ব্যবস্থা অবশ্যই নেব।’