উঁচু পাহাড়েও বিশুদ্ধ পানি
খাগড়াছড়ি জেলার অনেক গ্রামের মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে এই সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। বিভিন্ন কারিগরি দিকের বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
পার্বত্য জেলা খাগড়াছড়ির গ্রামগুলোর মধ্যে কোনোটি পাহাড়ের চূড়ায়, কোনো গ্রামে পাথরের জন্য নলকূপ করা সম্ভব হয় না, কোনো গ্রামের ভূগর্ভস্থ পানির স্তর খুবই নিচে। এই অবস্থায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সীমিত অর্থ দিয়ে নলকূপ স্থাপন বা রিংওয়েল করা হলেও বেশি দিন টিকে না। তাই জেলায় বিশুদ্ধ পানির সংকট সব সময় লেগেই থাকে।
জেলা প্রশাসকের উদ্যোগে স্থাপিত বিশুদ্ধ পানির প্রকল্পে কোনোটি নলকূপ স্থাপন করে, কোনোটি প্রাকৃতিক ঝরনার পানি ব্যবহার করা হচ্ছে। খাগড়াছড়ি সদরের সবুজবাগ এলাকা, সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের ছোট বাড়ি গ্রাম ও পেরাছড়া ইউনিয়নের হাদকপাড়ায় বিশুদ্ধ পানির সংকট সমাধানে গ্রামের নিচু জায়গায় নলকূপ স্থাপন করে সেখান থেকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাহাড়ের উচুঁতে অবস্থিত চৌবাচ্চায় পানি সংরক্ষণ করা হচ্ছে। এরপর দিনের নির্দিষ্ট সময়ে সেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের বিরাশি মুড়া গ্রামে ও খাগড়াছড়ি ইউনিয়নের নুনছড়ি এলাকার থলিপাড়ায় ঝরনার পানি সংরক্ষণ করে গ্রামের মানুষকে পানি সহজলভ্য করে দেওয়া হয়েছে।
ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য পরিমল ত্রিপুরা জানান, ছোটবাড়ি গ্রাম ও বিরাশি মুড়া গ্রামের মানুষ এখন বিশুদ্ধ পানি পাচ্ছে। এই দুই গ্রামের মানুষ আগে ছড়ার পানি ব্যবহার করত। এ কারণে গ্রামে রোগবালাই লেগেই থাকত।
হাদকপাড়ার বাসিন্দা বিপ্লব ত্রিপুরা জানান, জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়া বিশুদ্ধ পানির প্রকল্পে গ্রামের সবাই সুবিধা ভোগ করছে। এখন গ্রামবাসী নিজেরাই টাকা তুলে বৈদ্যুতিক মোটরের বিল পরিশোধ করছে।
জেলা প্রশাসক মাসুদ করিম জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে জেলায় বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় দেড় শ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রকল্প সফল হয়েছে। এসব প্রকল্পের কোনো নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ ছিল না। প্রকল্পের অবস্থা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি পরামর্শ দিয়েছেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্ল্যাহ। এসব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার পরিবার বিশুদ্ধ পানির সুবিধা এখন ভোগ করছে।