উঁচু পাহাড়ে বড় বড় ফাটল তবু ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৫১ জনের মৃত্যুর এক বছর পূর্তি হলো আজ ১৫ জুন। এ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ আজ কক্সবাজার প্রেসক্লাবে শোকসভার আয়োজন করেছে।গত বছরের এই দিনে প্রবল বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সেনা ব্যারাকের ছয় সদস্যসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে টেকনাফে মারা যায় ৩৪ জন। উখিয়ায় প্রাণ হারায় নয়জন। এসব স্থানে শতাধিক বসতবাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয় পাঁচ শতাধিক লোক।পাহাড়ধসে প্রাণহানির পর প্রশাসনের পক্ষ থেকে পাহাড়কাটা বন্ধ, পাহাড়ে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে এনে পরিবেশ রক্ষার কথা বলা হয়। কিন্তু গত এক বছরে তেমন কিছুই হয়নি।সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি আবদুল বারী বলেন, পর্যটনশিল্পের উন্নয়নের নামে কক্সবাজারে পাহাড়, সৈকতসহ পরিবেশ ধ্বংস করেই হোটেল-মোটেলসহ বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বন-জঙ্গল দ্রুত উজাড় এবং বনভূমি দখলের ঘটনায় পাহাড়ে বড় বড় ফাটল ধরেছে।সরেজমিনে দেখা যায়, কক্সবাজার পৌর শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রাম, বড়ছড়াসহ বিভিন্ন স্থানের পাহাড়ে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। ঘোনাপাড়ার পাহাড়ে বসবাসকারী রিকশাচালক আবদুল মতলব (৪৬) বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে পাশের দুটি ঘর বিলীন হয়েছে। এখন আমার ঘরটিও বিলীন হওয়ার পথে। এই ঘরে প্রাণ হাতে নিয়ে ঘুমোতে হচ্ছে।’বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি দাশ জানান, শহর ও শহরতলির পাঁচ-ছয়টি পাহাড়ে বন বিভাগের ৯১৫ একর বনভূমি রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় ৭৫০ একর অবৈধ দখলে রয়েছে। এতে তৈরি করা হয়েছে অন্তত ১৫ হাজার ঘর। কলাতলী পাহাড়ের বেদখল হওয়া ১২৪ একর ভূমি ৮ জুন হাইকোর্টের রায়ে বন বিভাগ ফিরে পেয়েছে। অন্যান্য জমিও উদ্ধারের চেষ্টা চলছে।কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, বর্ষার সময় পাহাড় কাটা শুরু হয়। কারণ, বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি দ্রুত নিচে নেমে আসে। এতে শ্রমিক খরচ বেঁচে যায়। কিন্তু বর্ষায় পাহাড় কাটলে পাহাড়ে বড় বড় ফাটল ধরে। ফলে ২০০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টি শুরু হলে পাহাড় ধসে পড়বে। আর রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে কক্সবাজারে মৃত্যুর মিছিল শুরু হবে।কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ জানান, পাহাড়কাটার ফলে শহরের নালা-নর্দমা ভরাট হয়ে প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘পাহাড়কাটা বন্ধে প্রশাসন সতর্ক রয়েছে। আর পুনর্বাসনের ব্যবস্থা না করে বিপুলসংখ্যক মানুষকে পাহাড় থেকে নামিয়ে আনা কঠিন। তবে আমরা পাহাড়, সৈকত, নদী রক্ষা করে কক্সবাজারকে বাঁচানোর চেষ্টা করছি।’টেকনাফেও এক হাজার ঘরবাড়ি: টেকনাফ থেকে গিয়াস উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন পাহাড়ে প্রায় এক হাজার ঘরবাড়িতে আট হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। কতিপয় প্রভাবশালী ব্যক্তি পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করে ভাসমান লোকজনকে ভাড়ায় বসবাসের সুযোগ করে দিচ্ছে। এতে পাহাড়ধসে লোকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।টেকনাফ পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ মনির বলেন, পাহাড়ে বসবাসকারী ৮০ শতাংশ মানুষ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান জানান, গত মে মাসে মিনাবাজার পাহাড় থেকে দেড় শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। অন্য ঘরবাড়িও উচ্ছেদের চেষ্টা চলছে।