উঁচু ভবন ও টাওয়ার ঝুঁকিতে বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাহিনীর কিছু প্রশিক্ষণ বিমান ছাড়া বেসরকারি কোনো বিমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা করে না। বিমানবন্দরটিতে শিগগিরই নিয়মিত বেসামরিক বিমান চলাচল শুরু হবে বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন। কিন্তু উঁচু ভবন ও বিভিন্ন মুঠোফোন কোম্পানির টাওয়ারের কারণে সৈয়দপুরের এয়ারজোন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব ভবন ও টাওয়ার নির্মাণের আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া হয়নি বলে জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি সৈয়দপুর শহরে অনেকগুলো বহুতল ভবন গড়ে উঠেছে। এসব ভবন নির্মাণে পৌরসভার অনুমোদন নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া হয়নি। এর মধ্যে ২০টি উঁচু ভবন ও ২১টি মুঠোফোন কোম্পানির টাওয়ার এয়ারজোনের মধ্যে পড়েছে। বিমান উড্ডয়ন ও অবতরণের সময় ভবন ও টাওয়ারগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, সাধারণত, বিমান ৪৫ ডিগ্রি কোণ নিয়ে রানওয়েতে অবতরণ করে। বর্ষায় আকাশের মেঘ ৫০০ ফুট নাগালে চলে আসে। মেঘ নিচে থাকায় পাইলট সামনে কোনো উঁচু স্থাপনা ঠাহর করতে পারেন না। ফলে পাইলট বেতারে জানতে চান সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কি না।কর্তৃপক্ষ জানায়, শহরের উত্তর-দক্ষিণে ২৫ নটিক্যাল মাইলজুড়ে সৈয়দপুরের এয়ারজোন রয়েছে। এই এয়ারজোনের মধ্যে ৫০ ফুটের বেশি উচ্চতায় কোনো স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র আরও জানায়, শহরের নয়াবাজার মহল্লার সাততলা একটি ভবন বিমান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভবনটির উচ্চতা ৮০ ফুট। এটির মালিক মো. পারভেজ। তিনি বলেন, ‘পৌরসভা নকশার অনুমোদন দেওয়ার পরই ভবনটি নির্মাণ করা হয়। কোনো নিষেধাজ্ঞা থাকলে উঁচু ভবন নির্মাণ করতাম না।’একইভাবে শহরের মুন্সিপাড়া ও নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়ায়ও অসংখ্য বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। প্রতিটি ভবনের নির্মাতাই পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্মাণকাজ করছেন বলে দাবি করেন। পুরাতন বাবুপাড়ায় সাততলা একটি ভবনের নির্মাতা শফি খান জানান, উঁচু ভবন বিমান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেটা তাঁর জানা ছিল না। ভবনটি নির্মাণের আগে তিনিও পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে একটি মুঠোফোন কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যখন টাওয়ারগুলো স্থাপন করা হয়, তখন বিমানবন্দর কর্তৃপক্ষ বাধা দেয়নি। টাওয়ারগুলো বিমান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অবশ্যই তা দুশ্চিন্তার কারণ বলে মন্তব্য করেন তিনি। সূত্রমতে, সৈয়দপুর বিমানবন্দরের ছয় হাজার ৮০০ মিটার রানওয়ের বেশির ভাগ পড়েছে সৈয়দপুর পৌরসভায়। আর দক্ষিণ অংশের প্রায় দুই হাজার মিটার পড়েছে বাঙালিপুর ইউনিয়নে। বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুছা উদ্দিন প্রামাণিক জানান, এয়ারজোনে যাতে কোনো উঁচু ভবন নির্মাণ করা না হয় সেদিকে খেয়াল রাখা হবে। বিমানবন্দর এলাকার উঁচু গাছপালাও ছেঁটে ফেলা হবে। সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন জানান, উঁচু ভবন ও টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এর আগে কোনো সমন্বয় ছিল না। ফলে সম্প্রতি কমপক্ষে ২০টিরও বেশি উঁচু দালানের নকশা পাস করেছে পৌরসভা। এ ছাড়া পৌর এলাকায় ৩০টি উঁচু টাওয়ার রয়েছে। এসবের মধ্যে ২১টি পড়েছে এয়ারজোনের মধ্যে। বিমান চলাচলের ক্ষেত্রে এসব স্থাপনা প্রতিবন্ধক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী জানান, বিমান ও সেনাবাহিনীর কিছু উড়োজাহাজ প্রায়ই এখানে অবতরণ করে। শিগগিরই সৈয়দপুরে বিমান চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। কাজেই বিমানবন্দর এলাকার সব প্রতিবন্ধকতা অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।