উইকিলিকসে প্রকাশিত তথ্যের কোনো ভিত্তি নেই: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে উইকিলিকসে প্রকাশিত তথ্যের কোনো ভিত্তি নেই। গতকাল শুক্রবার রাতে ইউএনবিকে টেলিফোনে গওহর রিজভী বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলতে পারি, ২০১০ সালের ১০ জানুয়ারি আমি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করিনি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ জানুয়ারি ভারত সফরে যান। গত ১৬ মার্চ উইকিলিকসের ফাঁস করা তথ্যমতে, ১০ জানুয়ারি সকালে গওহর রিজভী মরিয়ার্টিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রলম্বিত করার পরিকল্পনা তিনি ‘ভণ্ডুল’ করে দিয়েছেন। ভারতে রূপান্তরমূলক (ট্রান্সফরমেশনাল) সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তুতি শিরোনামে ওই বার্তায় দেখা যায়, প্রধানমন্ত্রীর কলকাতায় যাত্রাবিরতি না করে এক দিন আগেই দেশে ফেরা নিয়ে খুব চিন্তিত ছিলেন গওহর রিজভী। উইকিলিকসের প্রকাশিত তথ্যের জবাবে গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি নির্ধারণ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না।’প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বা পরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত ও সামাজিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশে আসার পর থেকে আমি মাঝেমধ্যেই তাঁর সঙ্গে দেখা করি এবং তা অব্যাহত থাকবে।’গওহর রিজভী বলেন, ‘আমি আশা করি, অনুসন্ধানী সাংবাদিকেরা খুঁজে বের করবেন, উইকিলিকসের তথ্য সত্য না মিথ্যা।’ ইউএনবি।