চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের এক মাস আজ সোমবার পূর্ণ হলেও কেন, কী কারণে, কারা তাকে খুন করেছে সে রহস্যের জট এখনো খোলেনি। ঘটনার সময় ফ্ল্যাটে থাকা দুই সহপাঠীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। আদালতের নির্দেশে গতকাল রোববার সহপাঠী মাইসনাম উইনসন সিংহের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকেরা। উইনসন আসলেই কী ওই রাতের ঘটনা ভুলে গেছেন না ইচ্ছে করে চেপে আছেন তা এই পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।
মামলার আসামি আতিফের সহপাঠী মাইসনাম উইনসন সিংহকে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ। প্রতিবারই তিনি দাবি করেছেন, ঘটনার আগে ও পরের কথা তাঁর সব মনে আছে। তবে আতিফ কীভাবে খুন হয়েছে এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন সেটি তাঁর স্মৃতিতে নেই। আরেক সহপাঠী গুরঙ্গ নিরাজও ঘটনার দিন বাসায় পার্টির আয়োজন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত উইনসনকে উদ্ধার এবং মেঝেতে আতিফ শেখের পড়ে থাকার বর্ণনা দিলেও কীভাবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলেননি। এমনকি নিজেকে জড়িয়েও কোনো কথা তিনি বলেননি।
গত ১৪ জুলাই রাতে নগরের আকবর শাহ থানার আবদুল হামিদ সড়কের লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চমতলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাইসনাম উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। আতিফ খুন হওয়ার চার দিন পর ১৮ জুলাই তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে ছয়জন ভারতীয়, দুজন বাংলাদেশি। আট আসামির মধে৵ দুই ভারতীয় গুরঙ্গ নিরাজ ও মাইসনাম উইনসনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটি প্রথমে তদন্ত করে আকবর শাহ থানার পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করে। গুরঙ্গ নিরাজকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত ২৭ জুলাই আদালতে হাজির করা হয়। ওই দিন চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে তিনি জবানবন্দি দেন।
দুই দফা রিমান্ডে নিয়েও কোনো তথ্য না পাওয়ায় ৭ আগস্ট মাইসনাম উইনসনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ১০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মেডিকেল বোর্ড গঠন করে উইনসনকে পরীক্ষার নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ চাকমা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনার দিনে ওই ফ্ল্যাটে উইনসন ও নিরাজ দুজনই ছিলেন। কীভাবে আতিফ খুন হয়েছেন তা তাঁদের জানার কথা। কিন্তু রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার বিষয়ে তাঁরা কিছুই বলেননি। এ জন্য উইনসনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আবেদন করা হয়। রোববার উইনসনের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জনের একটি মেডিকেল বোর্ড। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে ওই দিনের ঘটনা উইনসনের স্মৃতিতে আছে না তিনি সত্যিই ভুলে গেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে আবারও রিমান্ডের আবেদন করা হবে।
স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানতে চাইলে মেডিকেল বোর্ডের প্রধান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অশোক কুমার দত্ত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় শিক্ষার্থী খুনের মামলার আসামির সঙ্গে কথা বলেছি। তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
তদন্ত সংশ্লিষ্ট পিবিআইয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আতিফ হত্যার দুই আসামি বিদেশি শিক্ষার্থী হওয়ায় সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে হচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আসামিরা খুনের বিষয়ে কিছু জানলেও মুখ খুলছেন না বলে তাঁর ধারণা।
মামলার বাদী নিহত ব্যক্তির বাবা আবদুল খালেক মুঠোফোনে ছেলে হত্যার বিচার চাইলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।