কেন, কী কারণে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুন হলেন? আর কেনই বা তাঁর সহপাঠী মাইসনাম উইনসন সিং আত্মহত্যার চেষ্টা করেছেন? এই রহস্যের কিনারা হয়নি দুই দিনেও। রহস্যের জট খুলতে হাসপাতালে চিকিৎসাধীন উইনসনের সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ। ফ্ল্যাটের যে কক্ষে আতিফ খুন হন সেই কক্ষেই আত্মহত্যার চেষ্টা করেন উইনসন। সুস্থ হওয়ার পর তাঁর বক্তব্য জানতে পারলে অনেক কিছু পরিষ্কার হবে বলে পুলিশ মনে করছে।
চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। একই ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উইনসন সিংকে উদ্ধার করা হয়। দুজনই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিন কক্ষের ওই ফ্ল্যাটে আতিফের অপর দুই সহপাঠী এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। শুক্রবার রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
উইনসন নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল দুপুরে হাসপাতালের চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, আইসিইউর সামনে আকবর শাহ থানার পুলিশ কনস্টেবল মো. আবদুল্লাহ দাঁড়িয়ে আছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিরাপত্তার জন্য তিনি পাহারা দিচ্ছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, উইনসন কিছুটা সুস্থ হলেও কথা বলতে পারছেন না।
আইসিইউর সামনে বসে থাকতে দেখা গেছে উইনসনের পাঁচজন সহপাঠীকে। শুক্রবার রাতের ঘটনার বিষয়ে তাঁরা কেউ কিছু বলতে রাজি হননি।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, নিহত আতিফের পরিবারের সদস্যরা ভারত থেকে রওনা দিয়েছেন। তাঁদের আজ সোমবার চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় মামলার বাদী কে হবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। এই কারণে থানায় এখনো মামলা হয়নি। তবে মামলা না হলেও তদন্ত অব্যাহত রয়েছে। খুনের কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।