উইপোকায় খাচ্ছে জমির কাগজপত্র
দীর্ঘ ২০ বছরে অনেকবার চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হলেও শতাধিক বছরের পুরোনো ও জরাজীর্ণ সিরাজগঞ্জ পৌর ভূমি কার্যালয়ের ভবন নির্মাণ হয়নি। দুই কক্ষবিশিষ্ট টিনশেড এই কার্যালয়ের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরায় যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র উইপোকায় খেয়ে ফেলছে, দরজা-জানালাগুলো ভাঙাচোরা।সম্প্রতি সরেজমিনে ঘুরে এবং ওই কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে প্রতিদিন গড়ে তিন- চার শ মানুষ বিভিন্ন কাজে আসেন। প্রতিদিন কাগজপত্রের সংখ্যা বাড়ায় জায়গার অভাবে মেঝেতেই গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র রাখা হচ্ছে। মেঝে ও দেয়ালের পলেস্তারা উঠে গেছে। উইপোকা রেকর্ডপত্র খেয়ে ফেলছে। ইতিমধ্যেই অনেক রেকর্ডপত্র নষ্ট হয়ে গেছে। অনেকেই গুরুত্বপূর্ণ কাগজপত্র নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন।পৌর শহরের দত্তবাড়ি এলাকার আইয়ুব আলী বলেন, ‘এক সপ্তাহ ধরে আমার জমির একটি কাগজ সংগ্রহের চেষ্টা করছি। কিন্তু ভূমি কার্যালয়ের কর্মকর্তারা এর হদিস পাচ্ছেন না। তাঁরা বলেছেন, হয়তো উইপোকা জমির রেকর্ডপত্র খেয়ে ফেলেছে।’মালসাপাড়ার আনসব আলী বলেন, প্রতিদিন এ কার্যালয়ে অনেক লোক আসায় কার্যালয়ে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাই পাওয়া যায় না। জরাজীর্ণ টিনশেড ঘরটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।পৌর ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা হাসান আলী বলেন, বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘদিনেও কার্যালয়ের ভবন নির্মাণ না করায় স্বাভাবিক কাজকর্ম পরিচালনায় সমস্যা হচ্ছে। ইতিমধ্যে অনেক রেকর্ডপত্র উইপোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। সরকারি রেকর্ডপত্র সংরক্ষণ ও নিরাপদে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কার্যালয়ের ভবন নির্মাণের জন্য গত ২০ বছরে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানী বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে আবার চিঠি দেওয়া হবে।