উইমেন ডেলিভার কনফারেন্সের মিলনমেলা ভাঙল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের কোপেনহেগেনের বেলা সেন্টারে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে চতুর্থ উইমেন ডেলিভার কনফারেন্স। সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের ১৬৯টি দেশের প্রতিনিধিরা অঙ্গীকার করলেন, কোনো নারী ও শিশু আর পিছিয়ে থাকবে না। সমাজে সবার জন্য সমান সুযোগ তৈরিতে কাজ করবেন সবাই। এ ছাড়া নারী ও শিশুর যৌন ও প্রজনন স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি অধিকার। তাই এ অধিকার রক্ষায় নিজ নিজ ক্ষেত্র থেকে সবাই ভূমিকা রাখবেন।

আজ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিখ্যাত শিল্পীরা গান গেয়ে এ পৃথিবীতে প্রতিটি শিশুর আগমন যাতে মা, শিশু, পরিবার ও সমাজের জন্য সুখকর হয়, সে প্রত্যাশা জানান।
২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে নানা অঙ্গীকার করেছেন বিশ্বনেতারা। এসডিজি নির্ধারণের পর নারীর স্বাস্থ্য, বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এটিই প্রথম ও বড় সম্মেলন।
নিউইয়র্কভিত্তিক গ্লোবাল অ্যাডভোকেট এনজিও উইমেন ডেলিভার আয়োজিত এবারের চতুর্থ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন-ইট পেইস’। বৈশ্বিক নেতাদের কাছে এত দিনে এটা প্রমাণিত যে নারী ও কন্যাশিশুর পেছনে বিনিয়োগ হচ্ছে টেকসই উন্নয়নের পূর্বশর্ত। সম্মেলনেও বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। এ সম্মেলন আয়োজনে ডেনমার্ক সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন-উইমেনসহ নানান সংস্থা ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
আজ সম্মেলনের সমাপনী পর্বে নারী ও শিশুর জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য উইমেন ডেলিভারের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জিল শেফিল্ডকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা তুলে দেন উইমেন ডেলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাটজা ইভারসেন।
সমাপনী পর্বে গুরুগম্ভীর আলোচনা ছিল না। একেকজন মঞ্চে আসেন আর নিজ দেশে ফিরে গিয়ে কী করবেন, সে অঙ্গীকার করেন। অঙ্গীকারের মধ্য দিয়ে একেকজন জানিয়ে দেন শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এগুলো প্রয়োজন। নারীর শরীরের ওপরে নারীর অধিকার আছে, তাই তিনি সন্তান নিতে চান কি না বা কয়টি সন্তান নিতে চান ইত্যাদি ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।