উইমেন ফর উইমেনের চার দশক উদযাপন
দেশে গবেষণা প্রতিষ্ঠান অনেক আছে। তবে শুধু নারীদের নিয়ে গবেষণা করছে এ ধরনের প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কষ্টকর। আর এই কঠিন কাজটিই করেছে বেসরকারি সংগঠন উইমেন ফর উইমেন। শুধু কাজ করা নয়, সংগঠনটি দাপটের সঙ্গে টিকে আছে দীর্ঘ চার দশক ধরে।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী আলোচনায় সংগঠনটির কর্মকাণ্ড ও গত চার দশকে নারী উন্নয়ন ও জেন্ডার সমতায় নারীরা আসলেই কতটুকু এগিয়েছে তার চিত্র তুলে ধরা হয়। নারী বিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং তারপর তা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চার দশক উদযাপন করে সংগঠনটি। আর এসব গুরুগম্ভীর আলোচনার পাশাপাশি, গান, স্মৃতিচারণসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় সবাই মেতে উঠেন। একপর্যায়ে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
১৯৭৩ সালে শিক্ষানুরাগী ও গবেষকদের প্রচেষ্টায় সংগঠনের যাত্রা শুরু। সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় সালমা খান জানিয়েছেন, দীর্ঘ চার দশকে সংগঠনের সদস্য সংখ্যা পৌঁছেছে ৫০ এর কোঠায়।
আজ বিকেলে অনুষ্ঠানে বিশেষ অধিবেশনের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও নারীর উন্নয়নের চিত্রকে দৃশ্যমান করতে গবেষণার ওপর জোর দেন। তিনি বলেন, কৃষিক্ষেত্রসহ বিভিন্ন খাতে নারী অনেক কাজ করছে। তবে নারীর সেই কাজের কোনো হিসাব নেই, মূল্যায়ন নেই। একজন নারী প্রতিদিন কতটুকু শ্রম দেন তা নিয়ে গবেষণা করা দরকার। সেই সঙ্গে গবেষণার হিসাবগুলো নারীদের জানতে হবে। তাহলে নারীরা আরো সচেতন হবেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স এমপাওয়ারমেন্ট: অ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রওনক জাহান।
কর্ম অধিবেশনে মোট দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘রিসার্চ অন উইমেন ডেভেলপমেন্ট টুয়ার্ডস ইন্সটিটিউনালাইজেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও উইমেন ফর উইমেনের সদস্য নাজমা চৌধুরী। ‘পার্টিসিপেশন অফ উইমেন ইন এন্টারপ্রাইজ- রোল ইন পোভারটি এলিভিয়েশন অ্যান্ড জব ক্রিয়েশন ইন ডেভালপড অ্যান্ড ডেভালপিং কান্ট্রিস’ শীষক প্রবন্ধটি উপস্থাপন করেন অর্থনীতিবিদ সালমা খান।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমাদের দেশের বাস্তবতায় সদস্য ভিত্তিক এই সংগঠনটি টিকে রয়েছে- এটি একটি বড় অর্জন। সংগঠনটি গবেষণা করে তথ্য তুলে এনে নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরে। এই কার্যক্রম গুরুত্বের দাবি রাখে। এ ছাড়া সংগঠনটির সঙ্গে দেশের প্রতিষ্ঠিত অনেক নারী জড়িত।’
অনুষ্ঠানের সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘গবেষণা করার আগ্রহ থেকেই আমি এই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিলাম। সংগঠনের প্রত্যেক সদস্যের সঙ্গে আজ অবধি আমার নিবিড় ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নারীদের ইস্যুতে যেকোনো বিষয় জানতে চাইলেই সংগঠনটি আমাকে অকাতরে সাহায্য করে সব সময়। এজন্য সংগঠনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শিরীন আখতার, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমেদ, অধ্যাপক লতিফা আকন্দ, নিয়াজ জামান, উইমেন ফর উইমেনের সাবেক সভাপতি রাবেয়া ভূঁইয়া, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান প্রমুখ।
উদ্বোধনী ও বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন নাহার।