দেশে গবেষণাপ্রতিষ্ঠান অনেক আছে। তবে শুধু নারী বিষয়কে কেন্দ্র করে গবেষণা করছে, এ ধরনের প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কষ্টকর। আর এই কঠিন কাজটিই করেছে বেসরকারি সংগঠন উইমেন ফর উইমেন। শুধু কাজ করা নয়, সংগঠনটি দাপটের সঙ্গে টিকে আছে দীর্ঘ চার দশক ধরে।
গতকাল রোববার নগরের সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী আলোচনায় সংগঠনটির কর্মকাণ্ড, গত চার দশকে নারী উন্নয়ন ও জেন্ডার সমতায় নারীরা আসলেই কতটুকু এগিয়েছেন, তার চিত্র তুলে ধরা; নারীবিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন এবং এরপর তা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চার দশক উদ্যাপন করে। আর এসব গুরুগম্ভীর আলোচনার পাশাপাশি গান, স্মৃতিচারণাসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় সবাই মেতে ওঠেন। একপর্যায়ে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
১৯৭৩ সালে শিক্ষানুরাগী ও গবেষকদের প্রচেষ্টায় সংগঠনের যাত্রা শুরু। শুধু গবেষণাই নয়, সংগঠনের বিশাল পাঠাগারটি পরিণত হয়েছে নির্ভরযোগ্য তথ্যসূত্রের উৎস হিসেবে। এ সংগঠনের সদস্যসংখ্যা খুব বেশি নয়। কেননা সদস্য হতে হলে জেন্ডার ও নারীবাদী ধারণা ও বিষয়বস্তু নিয়ে একাধিক প্রকাশনা থাকাসহ অনেক শর্ত পূরণ করতে হয়। ১৯৮৫ সালে ৭০ টাকা ফি দিয়ে সদস্য হয়েছিলেন উইমেন ফর উইমেনের সাবেক সভাপতি সালমা খান। সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় সালমা খান জানিয়েছেন, দীর্ঘ চার দশকে সংগঠনের সদস্যসংখ্যা ৫০-এর কোঠায়। এখানেই এ সংগঠনের বৈশিষ্ট্য।
গতকাল বিকেলে অনুষ্ঠানে বিশেষ অধিবেশনের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও নারীর উন্নয়নের চিত্রকে দৃশ্যমান করতে গবেষণার ওপর জোর দেন। তিনি বলেন, কৃষিক্ষেত্রসহ বিভিন্ন খাতে নারী অনেক কাজ করছেন। তবে নারীর সেই কাজের কোনো হিসাব নেই, মূল্যায়ন নেই। একজন নারী প্রতিদিন কতটুকু শ্রম দেন, তা নিয়ে গবেষণা করা দরকার।
মতিয়া চৌধুরী বলেন, নারী সংগঠন উইমেন ফর উইমেন দীর্ঘ চার দশক ধরে বহু বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে চলেছে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স এমপাওয়ারমেন্ট: অ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিপিডির সম্মানিত ফেলো রওনক জাহান। তিনি বলেন, মৌলবাদীদের কবলে পড়ে জাতীয় নারী উন্নয়ন নীতি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০১১ সালে নীতিটি আলোর মুখ দেখে। গত চার দশকে নারীর কণ্ঠস্বর অনেক শক্তিশালী হয়েছে।
কর্ম অধিবেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘রিসার্চ অন উইমেন ডেভেলপমেন্ট টুয়ার্ডস ইনস্টিটিউশনালাইজেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও উইমেন ফর উইমেনের সদস্য নাজমা চৌধুরী। ‘পার্টিসিপেশন অব উইমেন ইন এন্টারপ্রাইজ—রোল ইন পোভারটি অ্যালিভিয়েশন অ্যান্ড জব ক্রিয়েশন ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিস’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন অর্থনীতিবিদ সালমা খান।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের দেশের বাস্তবতায় সদস্যভিত্তিক এই সংগঠনটি টিকে রয়েছে, এটি একটি বড় অর্জন। সংগঠনটি গবেষণা করে তথ্য তুলে এনে নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরে। এই কার্যক্রম গুরুত্বের দাবি রাখে। এ ছাড়া সংগঠনটির সঙ্গে দেশের প্রতিষ্ঠিত অনেক নারী জড়িত।’
অনুষ্ঠানের সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘গবেষণা করার আগ্রহ থেকেই আমি এই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিলাম। সংগঠনের প্রত্যেক সদস্যের সঙ্গে আজ অবধি আমার নিবিড় ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নারীদের ইস্যুতে যেকোনো বিষয় জানতে চাইলেই সংগঠনটি আমাকে অকাতরে সাহায্য করে সব সময়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শিরীন আখতার, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমেদ, অধ্যাপক লতিফা আকন্দ, নিয়াজ জামান, উইমেন ফর উইমেনের সাবেক সভাপতি রাবেয়া ভুঁইয়া, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান প্রমুখ।
উদ্বোধনী ও বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান। তিনি পাঠচক্র ও গবেষণামূলক এ প্রতিষ্ঠানটি পথিকৃতের ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন নাহার।