বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে আজ রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১৮ মে স্থানীয় সময় সকাল আটটার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশগ্রহণ ছাড়াও শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।
বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি সোফিয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রী ২১ মে সকাল সাড়ে ছয়টায় দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে গতকাল শনিবার এক যৌথ সভা শেষে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। যৌথ সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কর্মসূচির কথা জানান।