প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আজ বুধবার সকালে বুলগেরিয়ার উদ্দেশে লন্ডন ছাড়বেন। সে দেশের রাজধানী সোফিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতেই তাঁর এই সফর। শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।
শেখ হাসিনা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটির স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।
বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে তাঁকে হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হবে। বুলগেরিয়া সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ স্থানীয় সময় বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে গ্লোবাল উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া তিনি বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন পেনিলিয়েভের সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাতের কথা আছে।