উইলসন ডিজিজে আক্রান্ত দুই শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের ঢাকনাই গ্রামে উইলসন ডিজিজে আক্রান্ত হয়ে শিশু শিমু বেগম (১৪), নাহিদ হাসান (১২) মানবেতর জীবন যাপন করছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা হয়েছে। প্রথম আলো
লালমনিরহাটের ঢাকনাই গ্রামে উইলসন ডিজিজে আক্রান্ত হয়ে শিশু শিমু বেগম (১৪), নাহিদ হাসান (১২) মানবেতর জীবন যাপন করছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা হয়েছে। প্রথম আলো

দুই সন্তান নিয়ে দিনমজুর সৈয়দ আলী ও লাকী বেগম দম্পতির দিনকাল ভালোই চলছিল। তাঁদের দুই সন্তান মেয়ে শিমু বেগম (১৪) অষ্টম শ্রেণিতে পড়ে ও ছেলে নাহিদ হাসান (১২) পড়ে চতুর্থ শ্রেণিতে। লালমনিরহাট সদর উপজেলার ঢাকনাই গ্রামের বাসিন্দা তারা। দুই সন্তানকে নিয়ে এখন কষ্টের এক জীবন কাটাচ্ছেন তাঁরা। ওদের হাত-পা ক্রমেই চিকন এবং বাঁকা হয়ে যাচ্ছে। কথাও বলতে পারে না। চিকিৎসকেরা বলছেন, দুটি শিশুই বিরল উইলসন ডিজিজে আক্রান্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ‘শিশু দুটি এখন যে পর্যায়ে আছে, তাতে মনে হচ্ছে অনেক দিন ধরেই তারা এ রোগে আক্রান্ত। প্রাথমিকভাবে কোনো চিকিৎসার ব্যবস্থা হয়নি। তবে এখনো তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে আরোগ্য সম্ভব।’
এ সময় আক্রান্ত দুই শিশুর মা লাকী বেগম জানান, ছোটবেলায় তাঁদের ছেলেমেয়েকে নিয়মিত পোলিও টিকাও খাওয়ানো হয়েছিল। তারপরেও ২০১১ সালে শিমু ও ২০১২ সালে নাহিদ প্রাথমিক অবস্থায় শারীরিকভাবে দুর্বল হতে থাকে। ধীরে ধীরে হেঁটে হেঁটে স্কুল যাওয়ার শক্তিটুকও হারিয়ে ফেলে। দিন দিন তাদের হাত-পা চিকন ও বাঁকা হয়ে যেতে থাকে। এমনকি তাদের বাক্‌শক্তিও নেই, বর্তমানে তারা দুজনই মাটিতে ও বিছানায় শুয়ে শুধু আ-আ-উ-উ শব্দ ছাড়া আর কিছুই বলতে পারে না। এ অবস্থায় তাদেরকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দুই ভাইবোনের এএফপি রোগে আক্রান্ত হয়েছে বলে জানান। চিকিৎসকের ধারণা ছিল, দুই ভাইবোন পোলিওর কারণে হাত-পা ক্রমেই চিকন ও মোড়ানোভাব হচ্ছে।
বছরের পর বছর ধরে এই দুই শিশু এ জটিল ও বিরল রোগে আক্রান্ত হলেও সরকারি কোনো কর্তৃপক্ষ এ খবর জানত না। সম্প্রতি লালমনিরহাটের একাধিক সাংবাদিকের মাধ্যমে দুই শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চলনশক্তি হারিয়ে বাড়িতে বসে থাকার সংবাদ পেয়ে সিভিল সার্জন গতকাল সোমবার বিকেলে আক্রান্ত শিশু দুটির বাড়িতে খোঁজখবর নিতে যান।
আক্রান্ত শিশু দুটির দিনমজুর বাবা সৈয়দ আলী বলেন, ‘ছাওয়াল দুইটার মুখের দিকে তাকানো যায় না। কোনটে (কোথা) থাকি যে কী হইল, তাক একমাত্র আল্লায় জানে।’
উইলসন ডিজিজ জন্মগত একটি রোগ বলে জানান অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, যকৃৎ, মস্তিষ্ক, হার্টে কপার (তামা) জমা হয়। জন্ডিসের পর এর উপসর্গ দেখা দেয় অনেক ক্ষেত্রে।
আক্রান্ত শিশু দুটির মা লাকী বেগম আরও বলেন, কষ্টের সংসারে দুটি মাত্র সন্তানই ছিল তাদের আশা-ভরসা আর ভবিষ্যৎ। স্কুল পড়তে পড়তে হঠাৎ করে তাদের হাত-পা চিকন ও বাঁকা হয়ে যায়। যেটুকু সম্পদ ছিল চিকিৎসা করাতে গিয়ে সেটুকুও শেষ।
এ ব্যাপারে লালমনিরহাট সিভিল সার্জন আমিরুজ্জামান বলেন, ‘আজই ওই বাড়িতে গিয়ে ওই শিশুদের পরীক্ষা করে, রোগের সূচনা ও বর্ণনা শুনে প্রাথমিকভাবে আমাদের ধারণা হয়েছে যে তাদের এ রোগটি হচ্ছে উইলসন ডিজিজ।’ তিনি বলেন, রোগটি যদি প্রাথমিক অবস্থায় বা সময়মতো চিহ্নিত করা যেত, তাহলে এটি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নির্মূল সম্ভব হতো। তিনি আরও বলেন, ‘ক্রোমোজমের অস্বাভাবিকতার জন্য দিন দিন তাদের শারীরিক পরিবর্তন হচ্ছে। কিন্তু বর্তমানে তাদের শারীরিক যে অবস্থা, তাতে সেটি কতটুকু নির্মূল করা যাবে, তা সময়েই বলে দিতে পারবে।’
শিমু ও নাহিদের মা-বাবার যে অবস্থা, তাতে তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রায় দুঃসাধ্য। শিশুদের মা লাকী বেগম বলছিলেন, ‘সন্তানের চিকিৎসা তো দূরের কথা, এক দিন কাজ না করলে তাঁদের চুলায় আগুন জ্বলে না। এ অবস্থায় কেমন করি এই জটিল রোগে আক্রান্ত সন্তানদের চিকিৎসা করব? দুঃখ-কষ্ট ছাড়া তাদের আর কিছুই নেই!’
তবে জেলার সিভিল সার্জন বলেছেন, সদর হাসপাতালের সমাজকল্যাণ বিভাগে তারা আবেদন করুক। এই দুই শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থায় সর্বাত্মক চেষ্টা করা হবে।