উইলিয়াম বি. মাইলাম: আশাবাদী শুভাকাঙ্ক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক মহলে প্রচলিত একটি কথা আছে। তা হলো, একজন পেশাদার কূটনীতিকের জীবনে পরিচিতের সংখ্যা বিস্তর হলেও তাঁর সত্যিকার বন্ধুর সংখ্যা নিতান্তই অল্প। কথাটির সত্যতা নিজের সাড়ে তিন দশকের কূটনৈতিক জীবনের দিকে তাকালেই অনুধাবন করি। কারণ, একজন কূটনীতিক একটি দেশে তাঁর পেশাদারি দায়িত্ব সেরে চলে যান অন্য কোথা, অন্য কোনোখানে। তাঁকে বহনকারী উড়োজাহাজে বসে ফেলে আসা অপস্রিয়মাণ মানুষের মতো যে দেশে তিনি সময় কাটিয়ে গেলেন, তার রাজনীতি, সমাজ, ভাবনা, জীবনযাত্রা—সব যেন পেছনে পড়ে থাকে। স্মৃতিতে অবশ্যই কিছু ধরা থাকে, বাকি সব হারিয়ে যায় চিরদিনের তরে। ঠিক তেমনি, সে দেশে যেসব কূটনীতিকের সঙ্গে তাঁর ছিল নিত্যদিনের ওঠাবসা, তাঁরাও সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তে। তাঁদের সঙ্গে বন্ধুত্ব জমে ওঠার অবকাশ খুব একটা থাকে না; তাঁরা স্থান নেন এককালে পরিচিতের সুদীর্ঘ কাফেলায়।

তবে ব্যতিক্রম অবশ্যই আছে। বিভিন্ন কারণে সে দেশের ফেলে আসা মানুষের কেউ কেউ এবং সে দেশে অবস্থানকালীন ভিনদেশের কূটনীতিকদের মধ্যে দু-একজন; বন্ধুত্বের স্থায়ী আসনে সমাসীন হন। আমার জন্য রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম তাঁদের একজন। আমেরিকান কায়দায় প্রথম নামের হ্রস্বীকরণের প্রথায় যিনি আমার কাছে ‘বিল’ বলেই পরিচিত—বিল মাইলাম। তিনি যে শুধু আমার বন্ধু, তা নন। তিনি আমাদের পারিবারিক বন্ধু। আমার প্রয়াত ছোট ভাই মাসুম চৌধুরী আর বিল মাইলাম, বিগত শতাব্দীর শেষ বছরগুলোতে ইসলামাবাদে নিজ নিজ দেশের রাষ্ট্রদূত ছিলেন। তাঁদের সম্পর্ক এতই সৌহার্দ্যপূর্ণ ছিল যে বিল মাইলাম তাঁর ঢাকা সফরকালে (দুজনই তখন অবসরপ্রাপ্ত) মাসুমের বাসায় থেকেছেন। কিন্তু সবকিছু ছাড়িয়ে তিনি তাঁর নিজের ভাষায়ই বাংলাদেশের ‘পুরোনো বন্ধু এবং আশাবাদী শুভাকাঙ্ক্ষী’।

বিল মাইলামের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৯২ সালে—যখন নয়াদিল্লি থেকে কূটনৈতিক জীবনের পাট চুকিয়ে আমি ঢাকা ফিরে এলাম। তিনি তখন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। প্রথম পরিচয়েই মানুষটির প্রতি আকৃষ্ট হয়েছিলাম বাংলাদেশের প্রতি তাঁর গভীর ও অনাবিল আগ্রহের কারণে। বাংলাদেশে তখন সামরিক শাসনের অবসানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আর বাংলাদেশের রাজনীতির গত দুই দশকের নিম্নগামিতায়, তাঁর নিয়মিত বাংলাদেশ সফরে হয়েছেন আমার হতাশার আন্তরিক ভাগীদার। গত দুই দশকে তাঁর সঙ্গে আমার বহুবারই দেখা হয়েছে—ঢাকায়, ইসলামাবাদে আর ওয়াশিংটনে। প্রতিবারই তাঁর সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু হয়েছে বাংলাদেশ আর এ দেশের রাজনীতি। তার কারণ, আমার চেয়ে বেশি তিনিই। বাংলাদেশের সর্বশেষ অবস্থা জানতে সর্বাবস্থায়ই তাঁর বিপুল আগ্রহ। কদিন আগেই ঢাকায় আমার ধানমন্ডির বাসায় বসে বাংলাদেশের হতাশাব্যঞ্জক রাজনীতির পর্যালোচনা আমরা করেছি। বাংলাদেশ সম্বন্ধে তাঁর জ্ঞান কত যে গভীর, তা প্রতীয়মান হবে বাংলাদেশ নিয়ে লেখা তাঁর এই নিবন্ধটি থেকে।

বিল মাইলাম একজন ব্যতিক্রমধর্মী কূটনীতিবিদ। তাই চাকরি থেকে ২০০১ সালে তাঁর অবসরগ্রহণের পরও সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর কর্মোদ্যমের স্বীকৃতিতে তাঁকে আফগানিস্তানে আর লিবিয়ায় প্রেরণ করেছে। তিনি তাঁর কাজের গুণগত মানের জন্য তাঁর সরকারের কাছ থেকে অনেক স্বীকৃতি পেয়েছেন। তার একটি হলো, প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যার্ন্ডি সার্ভিস। কূটনীতিক থেকে তিনি এখন ওয়াশিংটনে উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টারের একজন জ্যেষ্ঠ গবেষক। বাংলাদেশ নিয়ে তাঁর দুটি মূল্যবান লেখা রয়েছে। প্রথমটি একটি বই বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান: ফ্লার্টিং উইথ ফেইলিওর ইন সাউথ এশিয়া; দ্বিতীয়টি হলো যুক্তরাষ্ট্রের কারেন্ট হিস্টরি ম্যাগাজিনে প্রকাশিত সন্দর্ভ ‘বাংলাদেশ অ্যান্ড বারডেন্স্ অব হিস্টরি’।

১৯৯০-এর দশকে বাংলাদেশের মাধ্যমেই দক্ষিণ এশিয়া সম্বন্ধে বিল মাইলামের প্রথম প্রত্যক্ষ পরিচয়। গত দুই দশকে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে তিনি গভীর জ্ঞান আহরণ করেছেন।

ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব