উকিল আবদুস সাত্তারের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিট রোধে গতকাল শুক্রবার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে ঢাকা থেকে আসা আশুগঞ্জ-আখাউড়া রোডমার্চের গাড়িবহরে হামলা চালিয়েছেন সরাইল উপজেলা বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে লক্ষ করে হামলাকারীরা এ হামলা চালান। তাঁকে বহনকারী গাড়িটিও হামলাকারীরা ভাঙচুর করেন।এ হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির অন্য অংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার জের ধরে শাহবাজপুরে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।জানা গেছে, গতকাল সকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে উপজেলা বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা ও বহিষ্কারের দাবিতে সরাইল বিশ্বরোড মোড়ে অবস্থান নেন। আবদুস সাত্তার ভূঁইয়ার সমর্থিত নেতা-কর্মীরা সরাইল থেকে আশুগঞ্জে যাওয়ার পথে উপজেলার কুট্টাপাড়া মোড়ে লাঠিসোঁটা নিয়ে তাঁরা বাধার সৃষ্টি করেন। আশুগঞ্জে নাগরিক সমাবেশে অংশগ্রহণ শেষে সাত্তার ভূঁইয়া রোডমার্চের গাড়িবহরে চড়েন। তাঁকে বহনকারী গাড়িটি দুপুরের দিকে বিশ্বরোড মোড় এলাকায় আসার পর আবদুর রহমানের সমর্থিত লোকজন হামলা চালিয়ে গাড়িটি ভাঙচুর করেন।এর আগে সকালে উপজেলার শাহবাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা নাগরিক সমাবেশে অংশ নিতে আশুগঞ্জ যাওয়ার পথে কুট্টাপাড়া মোড়ে আবদুর রহমানের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদলকর্মী রুহুল আমীন ও জহির মিয়া আহত হন। পরে ছাত্রদলকর্মী আবু সুফিয়ান ও সিরাজ মিয়ার নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।এদিকে, গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএপির একাংশ উপজেলা সদরে ও বিশ্বরোড মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। নেতারা এ কর্মকাণ্ডের জন্য আবদুর রহমানকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।আবদুর রহমান জানান, গত ৯ নভেম্বর সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক পদ্ধতিতে সরাইল উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কারণে উকিল আবদুস সাত্তারের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ।আনোয়ার হোসেন মাস্টার জানান, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। সেখানে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে হেয় করতে তাঁরা এসব করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।