তনু হত্যাকাণ্ড: প্রসঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ
উকিল নোটিশ নিয়ে মেডিকেল বোর্ডের সভা রোববার
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া উকিল নোটিশ নিয়ে আগামী রোববার সভায় বসবেন ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের সদস্যরা। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে এ সভা করবেন তাঁরা।
তনুর লাশের ময়নাতদন্তে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকালে কামদা প্রসাদ সাহার সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব। কামদা প্রসাদকে দেওয়া উড়ো চিঠির বিষয়ে খোঁজ নেন তিনি। একই সঙ্গে তাঁর করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে কথা বলেন। ২৪ মে কামদা প্রসাদকে হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়। এরপর থেকে তিনি জীবনহানির আশঙ্কায় রয়েছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে কামদা প্রসাদ বলেন, তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য ডিএনএ প্রতিবেদন অতি জরুরি। প্রতিবেদন মানে নথিপত্র নয়। আর উড়ো চিঠি প্রসঙ্গে বলেন, যদি তাঁর আইনগত অধিকার থাকে, তবে ময়নাতদন্ত এবং একে কেন্দ্র করে পাওয়া উড়ো চিঠি নিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
ওসি আবদুর রব বলেন, ‘জিডির বিষয়টি আমরা তদন্ত করছি। নিরাপত্তার জন্য (কামদা প্রসাদ সাহা) পুলিশ চাইলে আমরা দেব।’
এদিকে উকিল নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির উকিল নোটিশ বুধবার পেয়েছেন। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সরকারি কৌঁসুলির মাধ্যমে জবাব দেওয়া হবে।
অধ্যক্ষ আরও বলেন, ‘দেশের ইতিহাসে কোনো ময়নাতদন্ত নিয়ে এমন ঘটনা সম্ভবত আর নেই। এটা নিয়ে চিকিৎসকেরা বিপাকে রয়েছেন। সিআইডি তাদের সর্বশেষ চিঠিতে বলেছে সব প্রতিবেদন নিয়ে ময়নাতদন্ত দেওয়ার জন্য। অথচ তারা নিজেরাই ডিএনএ প্রতিবেদন দিচ্ছে না। এ অবস্থায় পুরো বিষয়টা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে।’