উকিল নোটিশের জবাব দিয়েছেন তিন চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তের পর কেন বিভ্রান্তিমূলক প্রতিবেদন দেওয়া হলো, তা জানতে চেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া উকিল নোটিশের জবাব দিয়েছেন তিনজন চিকিত্সক। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমানের সহযোগিতা নিয়ে ওই নোটিশের জবাব দেন চিকিত্সকেরা।
ওই তিন চিকিত্সক হলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা এবং তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী একই বিভাগের প্রভাষক শারমিন সুলতানা। তাঁরা প্রত্যেকেই আলাদাভাবে জবাব দেন।
জানতে চাইলে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার বক্তব্য সেইভাবেই উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকে আলাদাভাবে জবাব দিয়েছি।’ তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানা বলেন, ‘দুই পৃষ্ঠায় আমি আমার জবাব দিয়েছি।’