উকিল মুন্সীর স্মরণে অনুষ্ঠান শেষ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের বেতাই নদের তীরবর্তী মাঠে প্রয়াত মরমি কবি ও সাধক উকিল মুন্সীর স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠান গত শনিবার রাতে শেষ হয়েছে। শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় উকিল মুন্সীর জীবনদর্শন ও তাঁর গান নিয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জৈনপুর স্মৃতি সংসদের সভাপতি মতিউর রহমান।
সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন কাঞ্চন, উকিল মুন্সীর নাতি কুলকুল আহমেদ শাহ প্রমুখ। এদিন গভীর রাত পর্যন্ত বাউলশিল্পীরা উকিল মুন্সীর রচিত ‘শুয়াচান পাখি’, ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’সহ জনপ্রিয় গান পরিবেশন করেন।
কুলকুল আহমেদ শাহ বলেন, দাদা বড় মাপের গায়ক, কবি ও সাধক ছিলেন। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও তাঁর সমাধিস্থল রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়নি।
শনিবার সন্ধ্যার পর উকিল মুন্সীর একক গানের আসর বসে। রাত ১০টার দিকে উকিল মুন্সীর জীবনদর্শন ও তাঁর গান নিয়ে প্রবন্ধ পাঠ করেন সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নূরুল হুদা।
রাত তিনটার দিকে জৈনপুর উকিল মুন্সী স্মৃতি সংসদের সভাপতি মতিউর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
১৮৮৫ সালের ১১ জুন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর তিনি মোহনগঞ্জের জৈনপুর গ্রামে বেতাই নদের কূল ঘেঁষে নিজ বাড়িতে মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, উকিল মুন্সীকে নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। তাঁকে একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।