উকিয়ারার সংখ্যালঘু সেই পরিবারের সদস্যরা এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের সংখ্যালঘু সেই পরিবারের সদস্যরা এলাকায় ফিরে এসেছে। প্রশাসনের আশ্বাসের পর গতকাল রোববার দুপুরে তারা এলাকায় ফেরে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গতকাল সকালে মানিকগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার শরৎ ও গোসাই মণ্ডলকে উপস্থিত করা হয়। সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য গঠিত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে পরিবার দুটিকে নিয়ে যাওয়া হয় উকিয়ারা গ্রামে। এর পরপরই উচ্ছেদ করা ভিটায় ঘর ও মন্দির নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে পুনর্বাসনের জন্য সেই জায়গায় তাদের ঘর ও মন্দির নির্মাণ করে দেওয়া হবে। ইতিমধ্যে ঘর তৈরির জন্য মাটি ভরাটের কাজ চলছে। ঘর ও মন্দির নির্মাণের পর বাকি জায়গায় হাসপাতাল নির্মাণ করা হবে। সভায় উপস্থিত মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম পরিবার দুটিকে নিরাপত্তার নিশ্চয়তা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত শরৎ ও গোসাই মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগ কিছুটা হলেও আমাদের উপকারে আসবে।’ উল্লেখ্য, গত মঙ্গলবার উকিয়ারা গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা দুইটি আধাপাকা ঘর ও দুর্গামন্দির ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।