উকুনী নদীর ওপর সেতু নির্মাণ কত দূর?
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উকুনী নদীর ওপর নির্মিত একটি সেতু ১৩ বছর আগে বন্যায় বিধ্বস্ত হয়। আজও ওই স্থানে নতুন করে সেতু নির্মাণ করা হয়নি। এ কারণে পাটগ্রাম ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সেতুর অভাবে তারা ছয় কিলোমিটারের জায়গায় ১২ কিলোমিটার ঘুরে উপজেলা শহরে যাতায়াত করছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা আরডিআরএস ১৯৮৫ সালে উপজেলার মাঝিপাড়া-পাটগ্রাম আঞ্চলিক সড়কের মাঝিপাড়া গ্রামে সেতুটি নির্মাণ করে। এর দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। পাটগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া, পশ্চিম মাঝিপাড়া, কামাতপাড়া, ডাঙ্গাপাড়া ও পেদিরবাড়ী গ্রামের লোকজনের চলাচলের জন্য এটি নির্মাণ করা হয়। ১৯৮৮ সালের বন্যায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৯ সালে অপর এক বন্যায় এটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এলাকাবাসী ওই স্থানে একটি বাঁশের সাঁকো তৈরি করেছে। এটির ওপর দিয়ে তারা এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলাকাবাসী জানান, ১৯৯৯ সালের বন্যায় সেতুটি বিধ্বস্ত হওয়ার পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এসেছিলেন। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেতুটি নির্মাণ করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, মাঝিপাড়া গ্রামটিকে উকুনী নদী দুই ভাগে ভাগ করেছে। নদীর ওপর বাঁশের সাঁকোটি একটু কাত হয়ে আছে। এলাকাবাসী ওই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ওই গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, এই সাঁকোর ওপর দিয়ে গেলে পাটগ্রাম উপজেলা শহরের দূরত্ব ছয় কিলোমিটার। কিন্তু কৃষিপণ্য নিয়ে এর ওপর দিয়ে চলাচল করা যায় না। এ কারণে ১২ কিলোমিটার ঘুরে কৃষিপণ্য নিয়ে উপজেলা শহরের হাটে যেতে হয়। এতে তাঁদের অতিরিক্ত খরচ হচ্ছে।
পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাবুব জানায়, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। নদীর ওপর সেতু না থাকায় অনেকে বর্ষাকালে বিদ্যালয় ও কলেজে যেতে চায় না। বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় তারা ভয়ে এর ওপর দিয়ে চলাচল করতে চায় না।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব প্রধান বলেন, ‘আমি ফেব্রুয়ারি মাসে স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে সেতুটি করার বিষয়ে কথা বলেছি। মন্ত্রী এটি করার ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হায়দার আলী বলেন, এলজিইডির প্রধান কার্যালয়ের একটি দল ১০ মাস আগে এলাকায় এসে সেতুটি করার বিষয়ে জরিপ চালিয়েছে। জরিপ প্রতিবেদন জমা দেওয়ার পর প্রকল্প গ্রহণ করা হবে। এর পরই ওই স্থানে সেতু নির্মাণের কাজ শুরু হবে।