উক্যচিং মারমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
তিন পার্বত্য জেলায় আদিবাসী মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উক্যচিং (ইউকেসিং) মারমা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উক্যচিং বীর বিক্রমের চিকিৎসকেরা গতকাল বুধবার বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।
বান্দরবান জেলা শহরের লাঙ্গিপাড়ার বাড়িতে গত মঙ্গলবার হঠাৎ ব্রেইন স্ট্রোক করে ৮৪ বছরের বীর বিক্রম সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) পাঠিয়ে দেওয়া হয়। বীর বিক্রমের ছেলে বাবলু মারমা বলেন, সিএমসিএইচ থেকে গতকাল দুপুরে তাঁর বাবাকে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়েছিল।
বাবলু মারমা বলেন, তাঁদের হাতে কোনো টাকা ছিল না। ২০ জুলাই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন অধিনায়ক ৯৬ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। দুই দিন আগে বিজিবি ওই টাকা না দিলে চিকিৎসা করা সম্ভব হতো না। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অস্ত্রোপচারের জন্য আড়াই-তিন লাখ টাকা প্রয়োজন হবে।