উখিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনা, দুই সেনাসদস্যসহ নিহত ৯
কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজসংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল বৃহস্পতিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। একই দিন গাজীপুরের হালডোবা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই সেনাসদস্য নিহত হন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন মিয়া জানান, টেকনাফের হোয়াইক্যং থেকে উখিয়াগামী ও উখিয়া থেকে টেকনাফগামী দুটি চাঁদের গাড়ির (খোলা জিপ) মধ্যে সকাল সাড়ে আটটার দিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহত সবাই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। তাঁরা মিয়ানমারের মংডু ও বুচিদং এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার কুতুপালং এলাকা থেকে সকালে অর্ধশতাধিক রোহিঙ্গা শ্রমিক বোঝাই করে একটি চাঁদের গাড়ি টেকনাফের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী চাঁদের গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন আলী আহমদ (৪৫), আবুল বশর (৩৫), বেলাল উদ্দিন (৩৫), নেজাম উদ্দিন (৪০), আবদুস সালাম (২১), ছৈয়দুল আমিন (৩০) ও নুরুল হক (৩৭)। আহত ব্যক্তিদের মধ্যে মো. রফিক, মো. ফারুক, মহিবুল্লাহ, আবদুল হালিম, মো. সেলিম, কামাল উদ্দিন, মো. আইয়ুব, মো. হোছন ও গাড়িচালক রূপন বড়ুয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কুতুপালং রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি রাকিব উল্লাহ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা সকালে কাজের সন্ধানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করলে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকায় গতকাল মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই সেনাসদস্য নিহত ও একজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ভোলার সৈনিক সাইফুল ইসলাম (৩৫) ও সাতক্ষীরার করপোরাল জয়ন্ত দাস (৪২), আহত হয়েছেন সৈনিক মো. সাদিক (৩৪)। তাঁরা তিনজনই গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিন সৈনিক রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে একটি মোটরসাইকেলযোগে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার হালডোবা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করপোরাল জয়ন্ত দাস নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এসে তাদের ঢাকা সমিঞ্চলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে সৈনিক সাইফুল ইসলামের মৃত্যু হয়। আহত সৈনিক মো. সাদিকে ওই হাসপাতালে আইসিওতে রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সেনা কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।