উখিয়া-টেকনাফে চলছে প্রস্তুতি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রস্তুতি চলছে। উপকূলের লাখো মানুষকে নিরাপদে রাখার জন্য ৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ধুয়েমুছে রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় দুই উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
টেকনাফ: দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল গ্রামে গিয়ে দেখা গেছে, প্রস্তুতি কমিটির সদস্যরা ঘরে ঘরে গিয়ে লোকজনকে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সম্পর্কে সতর্ক করছেন। আগেভাগে ঘরের সম্পদ, মালামাল ও গৃহপালিত পশুপাখি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন। প্রস্তুতি কমিটির সভাপতি সুলতান আহমদ বলেন, সমুদ্রের তীরে অবস্থিত সাবরাং ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ‘মহাসেন’ নিয়ে উদ্বিগ্ন। তাদের নিরাপদে রাখার জন্য চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ কক্সবাজার উপকূল থেকে এক হাজার ৪০ কিলোমিটার দূরে (দক্ষিণ পশ্চিমে) অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পূর্ণিমা থাকায় দুপুরে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় বেড়ে উপকূলে আছড়ে পড়তে দেখা গেছে। নাফ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মুজাহিদ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলার প্রস্তুতি নিয়ে আজ বিকেল পাঁচটায় তাঁর কার্যালয়ে সভা হয়েছে। উপজেলায় ৫৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। ছয়টি চিকিত্সক দল প্রস্তুত এবং পানি, গুড়, চিড়া ও মুড়ি মজুদ রাখা হয়েছে।
উখিয়া: উখিয়ার রাজাপালং গ্রামে দেখা গেছে, মানুষ ঘরের মালামাল গুছিয়ে রাখছে। গুরু, ছাগল ও হাঁস-মুরগি উঁচু পাহাড় ও টিলা থেকে সরিয়ে নিচ্ছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলার জন্য দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। সভায় সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ৪৫টি ওয়ার্ডে আপত্কালে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। নয়টি চিকিত্সক দল প্রস্তুত এবং পানি ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি চেয়ারম্যান বলেন, দুই উপজেলায় লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ। এ ছাড়া মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে আরও দুই লাখ। কিন্তু দুই উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে ৯৯টি। এসব কেন্দ্রের ধারণক্ষমতা প্রায় এক লাখ। অবশিষ্ট আরও ছয় লাখ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নিয়ে সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বিজিবির সব জলযান ও অস্ত্র, গোলাবারুদ নিরাপদ জায়গায় রাখা হয়েছে।